...
...
Next Story

Income Tax: ভুয়ো নথি তৈরি করে বিদেশে ৫৫৫ কোটি পাচার! কলকাতায় CA ভাই-বোনের কুকীর্তি ফাঁস

Income Tax: আয়কর কর্তাদের মতে, বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) স্পষ্ট গাইডলাইন রয়েছে। তার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে শংসাপত্র দিতে হবে।

Published on: Aug 26, 2026, 20:17:54 IST
Advertisement

Income Tax: কাগুজে বা ভুয়ো কোম্পানি তৈরি করে তার মাধ্যমে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচার করা হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দফতরে আয়কর হানা দিতেই হল পর্দাফাঁস। ইতিমধ্যে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) দুই ভাই-বোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছে আয়কর দফতর।

কলকাতায় CA ভাই-বোনের কুকীর্তি ফাঁস (HT_PRINT)
কলকাতায় CA ভাই-বোনের কুকীর্তি ফাঁস (HT_PRINT)

সূত্রের খবর, রীতিমতো সিন্ডিকেট গড়ে এই টাকা মধ্যপ্রাচ্যে চালান করা হয়েছে। কিন্তু কীভাবে সামনে এল বিষয়টি? পুলিশ জানিয়েছে, এক আয়কর আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই পূর্ব কলকাতার ফুলবাগান থানার পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করে। সেই তদন্তের সূত্র ধরে গত সপ্তাহেই আয়কর দফতরের আধিকারিকরা ফুলবাগানের কাঁকুড়গাছিতে কাদাপাড়া অঞ্চলের একটি সিএ ফার্মে হানা দেন। তাঁদের কাছে খবর ছিল, ওই সিএ ফার্ম বিপুল টাকা তছরুপ করে বিদেশে পাচার করেছে। ওই সিএ ফার্মটির কর্মকর্তা দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সম্পর্কে ভাই-বোন। ওই আয়কর অভিযানের সময় আধিকারিকরা গোটা অফিস তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করেন। এর মধ্যে ছিল বেশ কিছু শংসাপত্র, যেগুলির মাধ্যমে টাকা পাঠানো হয়েছে বিদেশে।

আয়কর কর্তাদের মতে, বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) স্পষ্ট গাইডলাইন রয়েছে। তার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ককে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে শংসাপত্র দিতে হবে। তার আগে সিএ ফার্মকে যিনি টাকা পাঠাচ্ছেন ও যাঁর কাছে টাকা পাঠানো হচ্ছে, তাঁদের চুক্তি, অন্যান্য নথি, বুক অফ অ্যাকাউন্ট, যে টাকা পাঠানো হচ্ছে, তার ভিত্তিতে কত টাকা কর প্রদান করতে হবে, প্রত্যেকটি বিষয় দেখতে হয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। কিন্তু ফুলবাগানের ওই সিএ ফার্মে তল্লাশি চালিয়ে আয়কর আধিকারিকরা বেশ কিছু নথি তথা শংসাপত্র উদ্ধার করেন, যার ভিত্তিতে বিদেশে টাকা পাঠানো হয়েছে। কিন্তু নথি পরীক্ষায় ধরা পড়ে, ওই শংসাপত্রগুলি আদতে ভুয়ো। যেসব কোম্পানির মাধ্যমে টাকা পাচার হয়েছে, সেগুলির বাস্তবে কোনও অস্তিত্ব নেই। কোনও কিছু যাচাই না করেই ওই দুই সিএ ভুয়ো সার্টিফিকেট ইস্যু করে গিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি কড়েয়া থানায় এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা পাচারের অভিযোগ ওঠে। ফুলবাগানের ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই ভাই-বোনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks