...
...
Next Story

Nadia Labours: সৌদিতে কর্মহীন, শেষ ভিসার মেয়াদ! নদিয়ার শ্রমিকদের ভিডিও বার্তা, সরকারের হস্তক্ষেপ দাবি

Nadia Labours: করিমপুর-২ ব্লকের মুরুটিয়া থানার সিংগাডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা দুই ভাই সুশান্ত কাপাসিয়া ও তাপস কাপাসিয়া পরিযায়ী শ্রমিকের হিসাবে সৌদি আরবে যান। তাঁদের দাবি, ইউসিসি কনস্ট্রাকশন কোম্পানি তে কাজের জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে ওই সংস্থায় কোনও কাজ নেই।

Published on: Sep 5, 2026, 18:18:05 IST
Advertisement

Nadia Labours: পেটের টানে বিদেশে পাড়ি দিয়েছিলেন। স্বপ্ন ছিল, সৌদি আরবে কাজ করে সংসারের আর্থিক অনটন মেটাবেন। কিন্তু সেখানে গিয়ে এখন অনিশ্চয়তায় কাটছে করিমপুরের দুই ভাই-সহ নদিয়ার প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিকের। দু'বেলা খাবারও ঠিকমতো জুটছে না। তার মধ্যে প্রায় দু’ মাস আগে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দেশেও ফেরা যাচ্ছে না। কার্যত সর্বহারা তাঁরা। সেখান থেকে ফোনে কথা বলছেন, ভিডিও বার্তাও দিচ্ছেন। আর সেই ভিডিও দেখে দুশ্চিন্তা বাড়ছে পরিবারের। মায়ের চোখে জল। এই পরিস্থিতিতে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছে পরিবার।

সৌদিতে কর্মহীন নদিয়ার শ্রমিকদের ভিডিও বার্তা
সৌদিতে কর্মহীন নদিয়ার শ্রমিকদের ভিডিও বার্তা

করিমপুর-২ ব্লকের মুরুটিয়া থানার সিংগাডাঙ্গা পূর্বপাড়ার বাসিন্দা দুই ভাই সুশান্ত কাপাসিয়া ও তাপস কাপাসিয়া পরিযায়ী শ্রমিকের হিসাবে সৌদি আরবে যান। তাঁদের দাবি, ইউসিসি কনস্ট্রাকশন কোম্পানি তে কাজের জন্য তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে ওই সংস্থায় কোনও কাজ নেই। ফলে দীর্ঘদিন ধরে কার্যত কর্মহীন তাঁরা। সুশান্ত ও তাপসের অভিযোগ, কাজ না থাকায় তাঁদের হাতে টাকাও নেই। বিদেশের মাটিতে আয় বন্ধ হয়ে যাওয়ায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন না। দুই ভাইয়ের দাবি, প্রায় দু’ মাস আগে তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরও তাঁরা সৌদি আরবে আটকে। দেশেও ফিরতে পারছেন না। এই পরিস্থিতির কথা জেনে উদ্বেগে তাঁদের পরিবার। তাঁদের দাবি, সংসারের আর্থিক অনটন দূর করতেই তাঁরা বিদেশে গিয়েছিলেন। তাঁদের দ্রুত সরকারি উদ্যোগে তাঁদের দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কাদিপুরের তিন যুবকও। ৩০ বছরের যুবক রিপন সরকার প্রায় দু’বছর আগে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের উদ্দেশে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর দেশে ফিরতে পারছেন না। পরিবারের দাবি, গত তিন মাস ধরে সৌদি আরবেই আটকে রয়েছেন রিপন। সেখানে কার্যত খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছে তাঁর। প্রচণ্ড গরমের মধ্যেই একটা ঘরে অনেকের সঙ্গে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাঁকে। দেশে ফিরতে না পারায় উদ্বেগে দিন কাটছে পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, শুধু সুশান্ত, তাপস ও রিপন নন, সৌদি আরবে নদিয়ার প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক একইভাবে আটকে রয়েছেন। কাজ না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাঁদেরও দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভিডিওয় যোগাযোগ করা হলে ওই শ্রমিকরা জানান, সংস্থার তরফে তাঁদের এক বেলা খেতে দেওয়া হচ্ছে। কোনও বেতন দেওয়া হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks