Abhishek Banerjee: পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়া এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গিরিশ পার্ক থানায় হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দুপুর ১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে তিনি থানায় পৌঁছান। তাঁর হাজিরাকে কেন্দ্র করে থানার বাইরে জড়ো হন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকেরা। দু’পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ওঠে ‘চোর’ স্লোগানও।

এদিন ডায়মন্ড হারবারের সাংসদের পৌঁছানোর আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের কর্মী-সমর্থকেরা থানার বাইরে জড়ো হতে শুরু করেন। সেখানে উপস্থিত ছিলেন দলের আইটি সেলের প্রধান উপাসনা চৌধুরীও। সমর্থকদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করে সাংসদকে হেনস্থা করা হচ্ছে। তাঁরা জানিয়েছেন, সাংসদ যতক্ষণ না থানা থেকে বেরোচ্ছেন, তাঁরা সেখানেই থাকবেন। অভিষেক পৌঁছোনোর পর থানার সামনে তাঁর পক্ষে স্লোগান দেন কালীঘাটপন্থী সমর্থকেরা। এর কিছুক্ষণ পর বিজেপি কর্মী-সমর্থকেরাও সেখানে পৌঁছে অভিষেক এবং কালীঘাট তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেতা কুণাল ঘোষ মিডিয়ায় এই পরিস্থিতির ভিডিও তুলে ধরে দ্রুত পুলিশি হস্তক্ষেপের দাবি জানান।
ঘটনার সূত্রপাত
পুলিশ সূত্রে জানা গেছে, এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর (FIR) রুজু করে তদন্তে নেমেছে। অভিযোগ অনুযায়ী, নাম উল্লেখ না করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং হুমকি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। গত অক্টোবরে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুশি করতে দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। পক্ষপাতদুষ্ট আধিকারিকদের নামের তালিকা রাখা হচ্ছে এবং ভবিষ্যতে হিসাব নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অভিষেক এ-ও বলেছিলেন, ‘পশ্চিম মেদিনীপুরের পুলিশ এসপি, তাঁর কোথায় কোন আইনজীবীর সঙ্গে সম্পর্ক, সর্বজনবিদিত।’ সেই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গিরিশ পার্ক থানায় জিজ্ঞাসাবাদেরও সেই সমস্ত মন্তব্যের প্রসঙ্গ উঠতে পারে।
সব মিলিয়ে, গিরিশ পার্ক থানায় শুক্রবারের হাজিরা তাই শুধু একটি পুলিশি জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ থাকল না। থানার বাইরে দুই রাজনৈতিক শিবিরের মুখোমুখি অবস্থান কলকাতার রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল।
{{/usCountry}}সব মিলিয়ে, গিরিশ পার্ক থানায় শুক্রবারের হাজিরা তাই শুধু একটি পুলিশি জিজ্ঞাসাবাদেই সীমাবদ্ধ থাকল না। থানার বাইরে দুই রাজনৈতিক শিবিরের মুখোমুখি অবস্থান কলকাতার রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াল।
{{/usCountry}}