...
...
Next Story

Abhishek Banerjee: আমফানের ত্রাণে ৩০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

২০২০ সালের ২০ মে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ে। সেই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কেন্দ্র সরকার ত্রাণ ও ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করেছিল। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

Published on: Jul 20, 2026, 09:34:33 IST
Advertisement

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ বিলিতে বড় আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস, যিনি ববি নামেও পরিচিত। তাঁর অভিযোগ, শুধু বজবজ-২ ব্লকেই প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ভুয়ো নথি তৈরি করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। অভিযোগ সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।

বিজেপির অভিজিতের অভিযোগ, শুধু বজবজ-২ ব্লকেই প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।
বিজেপির অভিজিতের অভিযোগ, শুধু বজবজ-২ ব্লকেই প্রায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

২০২০ সালের ২০ মে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান বাংলা ও ওড়িশা উপকূলে আছড়ে পড়ে। সেই দুর্যোগে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য কেন্দ্র সরকার ত্রাণ ও ক্ষতিপূরণের অর্থ বরাদ্দ করেছিল। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫ হাজার টাকা করে দেওয়ার কথা ছিল।

বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, সেই অর্থ বণ্টনে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর দাবি, একই মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তির নামে ক্ষতিপূরণের টাকা তোলা হয়েছে। অথচ প্রকৃত ক্ষতিগ্রস্ত বহু মানুষ সরকারি সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর অভিযোগ, শুধুমাত্র বজবজ-২ ব্লকেই এইভাবে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে।

অভিজিৎ দাসের আরও দাবি, এই পুরো ঘটনায় তৎকালীন প্রশাসনের পাশাপাশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুপারিশও ছিল। সেই কারণেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূল অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তৎকালীন অতিরিক্ত জেলাশাসক, এসডিও, বিডিও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি আমতলায় একটি তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে আইনে পার্টি অফিস ভাঙা হয়েছে, সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।' বিজেপির অভিযোগ, এই মন্তব্য রাজনৈতিক প্রতিপক্ষকে সরাসরি হুমকি দেওয়ার শামিল। সেই কারণেই বিষ্ণুপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। অভিযোগগুলির সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়নি। এখন পুলিশের তদন্তে কী তথ্য সামনে আসে এবং এই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe