...
...
Next Story

Abhishek Banerjee: পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেককে নোটিস, গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ

Abhishek Banerjee: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানার দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়।

Published on: Nov 13, 2026, 23:00:24 IST
Advertisement

Abhishek Banerjee: আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে এফআইআর দায়ের। এবার গিরিশ পার্ক থানায়। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে এই এফআইআর করা হয়েছে বলেই খবর। সেই সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে নোটিস ধরান গিরিশ পার্ক থানার পুলিশ। তৃণমূল সাংসদের পরিবারের তরফে নোটিসটি গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (HT_PRINT)
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (HT_PRINT)

সম্প্রতি নাম না-করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশ আধিকারিকদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে পুলিশকে হুমকি দিয়েছেন অভিষেক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানার দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। সূত্রের খবর, সেই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় অভিষেককে তলব করা হয়েছে। বেলা ১২টায় হাজিরার নির্দেশ। এদিন সন্ধ্যায় পুলিশ আধিকারিকরা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। সেখানে তাঁর উপস্থিতিতে নোটিস দেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। তবে পরিবারের তরফে নোটিস গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে গিরিশ পার্ক থানার পুলিশ।

সাম্প্রতিক সময়ে অভিষেকের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থেকে একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল। পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন অভিষেকের অনুগামীরা। ধাক্কাধাক্কি, হাতাহাতির মধ্যেই জোর করে পুলিশ ক্যামাক স্ট্রিটের ওই ভবনের ছাদে ওঠে বলে অভিযোগ। সেই ঘটনায় দায়ের হওয়া এফআইআরে নাম ছিল অভিষেকের। বিলবোর্ড-কাণ্ডের তদন্তে শেক্সপিয়র সরণি থানায় অভিষেককে তলবও করা হয়েছিল। এ ছাড়া, অভিষেকের জন্মদিন পালনের কর্মসূচি ঘিরে গত ৬ নভেম্বর রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় কালীঘাটে। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, এমনকি সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাতের ওই গোলমাল এবং বিশৃঙ্খলার ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা রুজু হয় কালীঘাট থানায়। সেই মামলাতেও অভিষেকের নাম জড়িয়েছে। তার মধ্যেই পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে পুলিশের নোটিস পাওয়ায় তাঁর আইনি পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks