...
...
Next Story

গ্রেফতারির শঙ্কায় উড়েছে ঘুম! ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক, খারিজ…

Sumit Roy at Calcutta High Court: বর্তমানে সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডি (CID) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সুমিত রায়ের খোঁজে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) এবং সিআইডি যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে।

Published on: Aug 7, 2026, 23:02:35 IST
Advertisement

Sumit Roy at Calcutta High Court: মাথায় গ্রেফতারির চিন্তা। ফের রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়। গতকাল, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে জমি কেলেঙ্কারি মামলায় এক সপ্তাহের রক্ষাকবচ দেওয়া হয়েছে তাঁকে। তবে তদন্তকারীদের সঙ্গে তাঁকে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। এমতাবস্থায় আজ, শুক্রবার বাকি থাকা আরও চারটি মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে উচ্চ আদালতে দ্রুত শুনানির আর্জি জানান সুমিত রায় (Sumit Roy)। যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

সুপ্রিম কোর্টের নির্দেশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথির মাধ্যমে দখল এবং বিক্রির অভিযোগ উঠেছিল সুমিত রায়ের বিরুদ্ধে। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি জমি বিক্রি হত সেখানে। তার জন্য বানানো হত ভুয়ো নথিও। অভিযোগ, এর সবটাই হত অভিষেকের আপ্তসহায়কের সম্মতিতে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু সুমিতের কোনও ঠিকানাতেই তাঁর খোঁজ না-পাওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। পরে তাদের আবেদন মেনে মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। কিন্তু তাঁর আর্জি হাইকোর্টের তরফে খারিজ করে দেওয়ায় ফের শীর্ষ আদালতে আবেদন জানান তিনি। বৃহস্পতিবার মামলার শুনানিতে সুমিতের গ্রেফতারির উপর স্থগিতাদেশের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। জানানো হয় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তবে, তাঁকে গ্রেফতার করা যাবে না।

কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়?

বর্তমানে সুমিত রায়ের বিরুদ্ধে সিআইডি (CID) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সুমিতের খোঁজে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) এবং সিআইডি যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, সরকারি জমি জবরদখল করে পেট্রল পাম্প, রিসর্ট ও হোটেল-সহ একাধিক বাণিজ্যিক লাভজনক প্রকল্প গড়ে তোলার অপরাধে সুমিতের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। এই মামলাগুলিতে গ্রেফতারি এড়াতে ও এফআইআর বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন তিনি। তবে শুক্রবার কলকাতা হাইকোর্ট জরুরি আর্জিতে সাড়া না দেওয়ায় এবং সাধারণ তালিকা অনুযায়ী শুনানির নির্দেশ দেওয়ায় তাঁর আগামী আইনি লড়াইয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks