বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বড় আইনি চ্যালেঞ্জের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করল কলকাতা হাই কোর্ট। বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদকে শোকজ করেছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে, কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, বিজেপির সঙ্গে বিচারব্যবস্থার একাংশের যোগ রয়েছে। তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে কলকাতা হাই কোর্টে ঝুলে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আদানি সংক্রান্ত মামলা দ্রুত শুনানি হলেও তাঁর আবেদনের ক্ষেত্রে কেন তিন মাস ধরে কোনও পদক্ষেপ করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছিলেন তৃণমূল সাংসদ।
অভিষেকের সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। তাঁর বক্তব্যের বিরুদ্ধে আদালতে সরব হয় রাজ্য সরকার। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে অভিষেকের সাক্ষাৎকারের ভিডিও এবং বক্তব্যের প্রতিলিপি জমা দেন। রাজ্যের দাবি ছিল, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। কিন্তু সেই বিরোধের সঙ্গে বিচারব্যবস্থাকে জড়িয়ে ফেলা যায় না। একজন সাংসদ হয়ে বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে এমন মন্তব্য করা আদালত অবমাননার সামিল। তাই অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরুর আবেদন জানায় রাজ্য।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর এই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবীকে কার্যত কড়া বার্তা দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি প্রশ্ন করেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত এবং কারা তৃণমূলের হয়ে কাজ করছেন, তার তালিকা আদালতে জমা দিতে হবে। বিচারপতির কটাক্ষ, অভিষেক নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তা হলে তাঁর কাছ থেকেই সেই তালিকা চেয়ে নেওয়া হোক। বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন বা এসিআর লেখার কাজও কি তাঁর মক্কেল করছেন, আইনজীবীর উদ্দেশে সেই প্রশ্ন তোলেন বিচারপতি।
{{/usCountry}}বৃহস্পতিবার, ১২ নভেম্বর এই মামলার শুনানিতে অভিষেকের আইনজীবীকে কার্যত কড়া বার্তা দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। তিনি প্রশ্ন করেন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে যুক্ত এবং কারা তৃণমূলের হয়ে কাজ করছেন, তার তালিকা আদালতে জমা দিতে হবে। বিচারপতির কটাক্ষ, অভিষেক নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তা হলে তাঁর কাছ থেকেই সেই তালিকা চেয়ে নেওয়া হোক। বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন বা এসিআর লেখার কাজও কি তাঁর মক্কেল করছেন, আইনজীবীর উদ্দেশে সেই প্রশ্ন তোলেন বিচারপতি।
{{/usCountry}}মঙ্গলবার সেই বিতর্কেই আরও এক ধাপ এগোল আদালতের পদক্ষেপ। বিচারপ্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিচারপতিদের বিরুদ্ধে কলঙ্কজনক অভিযোগ তোলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, অভিষেকের মন্তব্য প্রাথমিক ভাবে বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল। তাই কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। আদালত আরও জানিয়েছে, এই পর্যায়ে শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, এখনই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়নি।
অন্য দিকে, অভিষেকের নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে হাই কোর্ট। রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁর জেড প্লাস নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরি করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন তিনি। তাঁর আইনজীবীর দাবি, নিরাপত্তা কমার পর থেকে অভিষেক ও তাঁর পরিবারের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও আদালতে জানানো হয়। এ বার রাজ্য সরকারকে আগামী দু'সপ্তাহের মধ্যে অভিষেকের নিরাপত্তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে আদালত।
ফলে এক দিকে বিচারপতিদের নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার মামলা, অন্য দিকে নিরাপত্তা নিয়ে রাজ্যের কাছে নতুন নির্দেশ—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠল অভিষেকের আইনি লড়াই। আগামী ৮ ডিসেম্বরের শুনানিতে এই মামলার পরবর্তী গতিপ্রকৃতি স্পষ্ট হতে পারে।