Adhir Chowdhury Live Update: ৩ দশক পর বিধানসভা ভোটে লড়ছেন অধীর, বহরমপুরে পিছিয়ে বাংলার রবিন হুড
Adhir Chowdhury Live Update: বহরমপুর কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী করেছে সুব্রত মিত্রকে। এদিকে তৃণমূলের প্রার্থী এবারও নাড়ু গোপাল মুখোপাধ্যায়। অধীর চৌধুরী কি এই প্রার্থীকে হারিয়ে ফের বিধানসভা পা রাখবেন?
Adhir Chowdhury Live Update: দীর্ঘ ৩০ বছর পরে ফের বিধানসভা নির্বাচনে লড়ছেন অধীর চৌধুরী। দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্তিশালী গড় হিসেবে পরিচিত এই কেন্দ্রে গত বিধানসভা ভোটে জয়ী হয়েছিল বিজেপি। ব্যবধান ছিল ২৬,৮৫২ ভোট। কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। কংগ্রেসের তিনবারের বিধায়ক মনোজ চক্রবর্তী পেয়েছিলেন ৪০ হাজারের মতো ভোট। তৃণমূলের নাড়ু গোপাল মুখোপাধ্যায় ৬২ হাজার ভোট পেয়েছিলেন এবং বিজেপির সুব্রত মিত্র পেয়েছিলেন ৮৯ হাজারের বেশি ভোট। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ছিল ৬৬৫৪ ভোটে। সেই লোকসভা নির্বাচনে অবশ্য হেরে যান কংগ্রেসের অধীর চৌধুরী। এই আবহে তিনি এবার ফের একবার বিধানসভা ভোটে লড়ছেন। সামগ্রিকভাবে, বহরমপুর বিধানসভা কেন্দ্রে ৯১.১১ শতাংশ ভোট পড়েছিল ২৩ এপ্রিল। এই আবহে কে জিতছেন এই আসনে?
বহরমপুর বিধানসভা কেন্দ্রের লাইভ ফলাফল: পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী।
উল্লেখ্য, বহরমপুর কেন্দ্রে এবারও বিজেপি প্রার্থী করেছে সুব্রত মিত্রকে। এদিকে তৃণমূলের প্রার্থী এবারও নাড়ু গোপাল মুখোপাধ্যায়। ২০২১ সালে অবশ্য বাম-কংগ্রেস জোট হয়েছিল বিধানসভা নির্বাচনে। এই আবহে বামেরা সেবার কোনও প্রার্থী দেয়নি বহরমপুর আসনে। এবার চিত্রটা ভিন্ন। বামফ্রন্ট নিজেরা প্রার্থী না দিলেও তাদের সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন এই আসনে প্রার্থী করেছে আবুল কাশেম শেখকে। এই পরিস্থিতিতে চতুর্মুখী লড়াইয়ের সাক্ষী বহরমপুর।
বহরমপুর আসনটি ঐতিহাসিক ভাবে অধীরের গড় হিসেবে পরিচিত। কংগ্রেসের থেকেও এখানে অধীরের প্রভাব বেশি। ২০০৬ সালে এই আসনে মনোজ চক্রবর্তী নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন। দলের বিরুদ্ধে গিয়ে তাঁকে সমর্থন করেছিলেন অধীর। সেই নির্বাচনে কংগ্রেসের দুবারের বিধায়ক মায়া রানি পাল তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন এই আসনে। এর আগে ১৯৯৬ এবং ২০০১ সালে মায়া বিধায়ক ছিলেন এই কেন্দ্র থেকে।
২০১১ সালে বহরমপুর কেন্দ্রের ভৌগলিক বিন্যাসে পরিবর্তন ঘটেছিল। ২০১১ সালে কংগ্রেসের টিকিটে মনোজ চক্রবর্তী ৫৪.৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে। ২০১৬ সালে সিপিএমের সমর্থনে লড়ে এই আসন থেকে ৬৯.২ শতাংশ ভোট পেয়ে বিধায়ক হয়েছিলেন মনোজ চক্রবর্তী। তবে ২০২১ সালে মনোজ হেরে গিয়েছিলেন। আর এবার কংগ্রেসের হয়ে এই আসনে লড়ছেন অধীর চৌধুরী নিজে।