কলকাতায় শুভমনরা, সামনেই SA ম্যাচ! দিল্লি ব্লাস্টের পর দুই দলের নিরাপত্তা নিয়ে এল কোন আপডেট?
সামনেই রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ।
সোমবার বিকেল গড়াতেই রাজধানী দিল্লির বুকে লালকেল্লার কাছেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চত্বর। একের পর এক গাড়িতে লাগে আগুন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে বহু জনের দেহাংশ। একাধিক মৃত্যুর খবর আসে, আহত হন বহুজন। অনেকেরই হাসপাতালে চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে দেশের প্রায় সব বড় শহরেই কড়া নিরাপত্তা রয়েছে। জারি হয়ে গিয়েছে হাই অ্যালার্ট। এদিকে, শহর কলকাতায় রয়েছে ভারতীয় টেস্ট দল। সামনেই ভারতের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা টিমের ম্যাচ। স্বভাবতই বাড়ানো হয়েছে দুই দলের নিরাপত্তা।

সদ্য ৯ নভেম্বর রবিবারই শুভমনরা পা রেখেছেন শহর কলকাতায়। আর সোমবারেই দেশের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে, কলকাতায় এখনও পা রাখেনি দক্ষিণ আফ্রিকার বাভুমা-বাহিনী। ১৪ তারিখ থেকে ইডেনে শুরু হবে প্রথম ম্যাচ। তার আগে দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দলের নিরাপত্তায় কোনও কসরৎ ছাড়া হচ্ছে না বলে খবর। দুই দলের ক্রিকেটারদের ও দলের সদস্যদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু ক্রিকেটারদের নিরাপত্তাই নয়, টিকিট কাউন্টারে ও তার আশপাশেও বাড়ছে নিরাপত্তা। এছাড়াও ম্যাচ ঘিরেও নিরাপত্তা আরও আঁটোসাটো করা হবে বলে জানা যাচ্ছে।
( ‘একটা ধীরে চলা গাড়ি এসে দাঁড়ায়..’ দিল্লিতে বিস্ফোরণ নিয়ে বড় আপডেট দিল পুলিশ)
উল্লেখ্য, জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, রাস্তায় লালবাতির সামনে আসতেই গাড়িটি থেমে যায়। তার আগে, গাড়িটি ধীর গতিতে আসে। গাড়িতে একাধিকজন ছিল বলে দিল্লি পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, ওই গাড়িরই বিস্ফোরণ হয়। তবে কি এই বিস্ফোরণ কোনও জঙ্গি হামলা? এখনও তা নিয়ে সরকারের তরফে রাত ৯.৫০ মিনিট পর্যন্ত কোনও নির্দিষ্ট তথ্য জানানো হয়নি। তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গোটা ঘটনায় একাধিক এদেন্সি তদন্তে নেমেছে। দেশ জুড়ে অপেক্ষা রয়েছে তদন্ত রিপোর্টের। প্রসঙ্গত, যেদিন ২৯০০ কেজি বিস্ফোরণক সহ পর পর জঙ্গি সন্দেহে একাধিক চিকিৎসক গ্রেফতার হল, ঠিক সেই রাতেই দিল্লিতে এই বিস্ফোরণ হয়।
E-Paper

