ঝাড়গ্রামে মমতাপন্থী তৃণমূল নেতা হিসাবে পরিচিত অজিত মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারি ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে গভীর রাতে, ঝাড়গ্রামে অজিতের বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারি ঘিরে অজিতের পরিবারের দাবি, অজিত, মমতা তৃণমূল করেন বলে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী হিসাবে ভোট যুদ্ধে লড়েন অজিত। বিধানসভা নির্বাচনের পর মমতা এবং ঋতব্রত, দুই শিবিরে তৃণমূল বিভক্ত হয়ে গেলেও অজিত, কালীঘাটপন্থী ছিলেন বলে জেলার রাজনৈতিক মহল সূত্রে দাবি করা হয়েছে। চলতি বছরের ভোটে বিজেপির প্রার্থীর কাছে হেরে যান অজিত।
উল্লেখ্য়, ধৃত অজিত মাহাতোর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ করেন ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ, বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে চার দফায় প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত। এদিকে, পুলিশ সূত্রের খবর, অজিতকে শুক্রবার আদালতে তোলা হতে পারে, তাঁকে নিজেদর হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। অভিযোগ, রয়েছে টাকা দিলেও চাকরি দিতে পারেননি অজিত। দাবি করা হয়েছে, পরে অজিতের থেকে টাকা ফেরত চাইতে গেলে, তিনি পাল্টা হুমকি দেন। যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজিতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। অজিতের অভিযোগ, শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙে তাঁর বাড়িতে ঢুকেছে পুলিশ। গ্রেপ্তারির সময়ে সোশ্যাল মিডিয়ায় লাইভও করেন অজিত। এদিকে, অজিতের গ্রেফতারি নিয়ে ঝাড়গ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘কেউ ছাড়া পাবে না। দুর্নীতিতে জ়িরো টলারেন্সে আমাদের সরকার কাজ করছে।'