...
...
Next Story

BJPর মিছিলে যোগ দেওয়ায় কাল! বাবা-ছেলেকে বেধড়ক মারধর, অভিযোগের তীর...

ছেলেকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে ছুটে আসেন তাঁরা বাবা প্রফুল্ল দাস। এরপর তাঁর ওপরেও হামলা চলে বলে অভিযোগ।

Published on: Apr 7, 2026, 23:45:52 IST
Advertisement

বিধানসভা নির্বাচন যে দোরগোড়ায় তা বেশ বোঝা যাচ্ছে বঙ্গের রাজনীতির হাওয়ায়। হাতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। তাই ভোটমুখী বাংলায় তুঙ্গে চলছে প্রচার। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস- কেউই খামতি রাখছে না প্রচারে। রোদ বৃষ্টির উপেক্ষা করে সাধারণের দরজায় দরজায় উন্নয়নের বার্তা দিয়ে চলেছেন সকলে। এই আবহে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। গেরুয়া শিবিরের মনোনয়ন দেওয়ার মিছিলে যোগ দেওয়ার অপরাধে বিজেপি কর্মী বাবা ও ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

BJPর মিছিলে যোগ দেওয়ায় কাল! (সৌজন্যে টুইটার)
BJPর মিছিলে যোগ দেওয়ায় কাল! (সৌজন্যে টুইটার)

ঘটনাটি ঘটেছে বসিরহাট দক্ষিণ বিধানসভার সাকচুড়া বাগুণ্ডি পঞ্চায়েতের ইটিন্ডা দাসপাড়া এলাকার ৫৬ নাম্বার বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাস দুজনেই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। সোমবার বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়া জন্য মিছিলের আয়োজন করা হয়। আর সেই মিছিলে যোগ দিয়েছিলেন প্রফুল্ল দাসের ছেলে তারক দাস। এরপর মনোনয়ন দাখিলের পর্ব শেষ হওয়ার পর তারক দাস বাড়ি ফিরে যায়। অভিযোগ, রাত হতেই তারক দাসের বাড়িতে হামলা চালায় দুলাল দাস নামে সেখানকার পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তারক দাসকে বেধড়ক মারধর করতে থাকে ওই পঞ্চায়েত সদস্য।

এদিকে, ছেলেকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে ছুটে আসেন তাঁরা বাবা প্রফুল্ল দাস। এরপর তাঁর ওপরেও হামলা চলে বলে অভিযোগ। প্রফুল্ল দাসকেও বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, ব্যাপক চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর তড়িঘড়ি আক্রান্ত দুজনকে উদ্ধার করে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই প্রফুল্ল দাস চিকিৎসাধীন। এই ঘটনার পর বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি করার অপরাধেই তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে। এই বিষয়ে বসিরহাট থানায় এবং নির্বাচন কমিশনে তাঁরা অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। তবে এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন বসিরহাট দক্ষিণের তৃণমূলের প্রার্থী সুরজিৎ মিত্র। তিনি বলেন, 'বিজেপি বসিরহাটে হেরে যাবে, তাই এই নোংরা রাজনীতি করছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই একটা অন্য কোন কারণে গন্ডগোলকে রাজনৈতিক রং লাগাচ্ছে।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks