...
...
Next Story

BJP worker attack: ভোটের প্রাক্কালে উত্তপ্ত ঘাটাল! পথ আটকে BJP কর্মীকে বেধড়ক মারধর, পদ্ম শিবিরের নিশানায় কে?

BJP worker attack: এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন।

Published on: Apr 15, 2026, 18:55:35 IST
Advertisement

BJP worker attack: দোরগোড়ায় বাংলায় বিধানসভা নির্বাচন। তবে তার আগেই যেন উত্তাপে ফুটছে দক্ষিণবঙ্গ। আর নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা। বিজেপি কর্মীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

ভোটের প্রাক্কালে উত্তপ্ত ঘাটাল!
ভোটের প্রাক্কালে উত্তপ্ত ঘাটাল!

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটাল ব্লকের ইড়পালা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর নাম অমিত প্যোড়ে। তিনি ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে পরিচিত। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ইড়পালা এলাকায় চড়কের মেলা দেখে বাড়ি ফিরছিলেন অমিত। অভিযোগ, সেই সময় জনশূন্য রাস্তায় একা পেয়ে একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁকে ব্যাপক মারধর করা হয়। বর্তমানে আহত বিজেপি কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির দাবি, এটি নিছকই মারধর নয়, বরং অমিত প্যোড়েকে প্রাণে মেরে ফেলার একটি গভীর চক্রান্ত ছিল।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের দুষ্কৃতীরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে। শীতল কপাট জানান, গোটা বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে। তাঁর কথায়, '১৫-১৬ জন মিলে হামলা চালিয়েছিল। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আমাদের সকলকে রুখে দাঁড়িয়ে পরিবর্তন করতে হবে।' অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই এবং তাঁদের দলের কেউ এতে জড়িত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্য কোনও ব্যক্তিগত কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁরা পাল্টা দাবি করেছেন। তৃণমূল নেতা বিকাশ কর বলেন, 'গ্রাম পঞ্চায়েত কাদের দখলে রয়েছে দেখুন, তারাই সন্ত্রাস করছে। গত পাঁচ বছরে কোনও উন্নয়ন হয়নি। ঘাটাল মানুষ আগামী দিনে জবাব দেব।' ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe