Kolkata Sexual Assault: খাস কলকাতায় ফের শিশুর যৌন নিগ্রহের (Sexual Assault) অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। বুধবার সকালে গড়ফার একটি আবাসনে চার বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক প্রৌঢ়ের বিরুদ্ধে। এনিয়ে শিশুর পরিবার গড়ফা থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত পলাতক, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকায় এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী ঘটেছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়ফার ওই আবাসনে পরিবারের সঙ্গে থাকে চার বছরের শিশুটি। বুধবার সকালে পাশের একটি ফ্ল্যাটে কাকার কাছে গিয়েছিল সে। কিন্তু সেই সময় কাকা বাড়িতে ছিলেন না। অভিযোগ, শিশুটিকে একা দেখতে পেয়ে প্রতিবেশী এক প্রৌঢ় ডেকে নেন। তাকে জল খাওয়ানোর নাম করে ডেকে ওই আবাসনের ছাদে নিয়ে যায়। এরপর তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর ওই শিশুর কান্না শুনতে পান পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত সেখানে ছুটে যান। কিন্তু সেখানে আর ওই ব্যক্তিকে দেখা যায়নি। তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এরপরই গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। তাদের অভিযোগ প্রতিবেশী বছর পঞ্চান্নর ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি পলাতক। তার সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এদিকে, নিগৃহীত শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এমন ঘটনা শিশুমনে অত্যন্ত খারাপ প্রভাব ফেলবে, এই আশঙ্কা করছে পরিবার। মা-বাবা ও পরিবারের সদস্যরা তাকে আগলে রাখার পাশাপাশি মনোবিদের পরামর্শ গ্রহণের কথাও ভাবছেন। অন্যদিকে, গড়ফার মতো এলাকায় এমন ঘটনার কথা শুনে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। গড়ফার এই ঘটনা ফের এক বার শহরে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রশ্ন সামনে এনে দিল। তবে পুলিশের উপর আস্থাপ্রকাশ করেছে পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।