...
...
Next Story

Annapurna Bhandar: মিলবে ৩ হাজার টাকা! ১ জুন থেকেই রাজ্যে চালু 'অন্নপূর্ণা ভাণ্ডার', মহিলাদের সরকারি বাস ফ্রি

Annapurna Bhandar: ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রতি জনসভা থেকেই বলেছিলেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তা-ই নয়, মহিলা ভোটব্যাঙ্ক টানতে এ-ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি বাসে মেয়েরা বিনামূল্যে চড়তে পারবেন।

Updated on: May 11, 2026, 20:01:52 IST
Advertisement

Annapurna Bhandar: অবশেষে সংশয়ের অবসান। ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন। প্রশাসন সূত্রে এমনটাই খবর। রাজ্যে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতৃত্ব অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তাদের সংকল্প পত্রে কোনও প্রকল্পের নাম না উল্লেখ করে রাজ্যের মহিলাদের ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ভোটের পর থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে আশায় বুক বাঁধছিলেন মহিলারা। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিই পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, ১ জুন থেকে সরকারি বাসে উঠলে আর ভাড়া দিতে হবে না মহিলাদের।

'অন্নপূর্ণা ভাণ্ডার'

১ জুন থেকেই রাজ্যে চালু 'অন্নপূর্ণা ভাণ্ডার'
১ জুন থেকেই রাজ্যে চালু 'অন্নপূর্ণা ভাণ্ডার'

মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন। যা তাঁকে বিপুল নির্বাচনি সাফল্য এনে দেয় মনে করছে রাজনৈতিক মহল। প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় ওই প্রকল্প। তার পরে ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। পূর্বতন সরকারের শেষ বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক দেড় হাজার করা হয়েছিল। আর তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১,৭০০ টাকা করে দেওয়া হত। পরবর্তীতে এই মডেলকেই অনুসরণ করে দেশের অন্যান্য বিভিন্ন রাজ্য। তবে ২০২৬ সালে ভোটের আগে মমতার তৈরি করা অস্ত্রেই মমতাকে হারানোর কৌশল নেয় বিজেপি। তারা তাদের সংকল্পপত্রে জানায়, মহিলাদের সাবলম্বী করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সেই প্রতিশ্রুতি পূরণের কথা ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার।

সরকারি বাস ফ্রি

অন্নপূর্ণা ভাণ্ডার পেতে কী নতুন করে আবার আবেদন করতে হবে? প্রশ্ন জাগছে অনেকের মনেই। তবে প্রশাসন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় মাসে মাসে তিন হাজার টাকা পাবেন। আপাতত নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে যদি কোনও তথ্য বা নথির প্রয়োজন হয়, তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে।

রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবেন কিনা? সেই সংশয় নিরসন করে সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, রাজ্যবাসী আগে যে সব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন, এখনও তা পাবেন। তার কয়েক ঘণ্টা যেতে না-যেতেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বেশ কিছু প্রতিশ্রুতি কার্যকর করা হতে পারে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe