...
...
Next Story

Aroop Biswas Messi Case Update: অরূপ বিশ্বাসের ঘুম ওড়াতে চান শতদ্রু, রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানাতে যাবেন সুপ্রিম কোর্টে

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ঘোষণা করেছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

Published on: Jun 11, 2026, 08:35:14 IST
Advertisement

যুবভারতীতে ‘মেসি ইভেন্ট’ বিতর্কে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আপাতত গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা ঘোষণা করেছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
গত ডিসেম্বরে যুবভারতীতে লিওনেল মেসির সঙ্গে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

হাই কোর্টের নির্দেশ প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে শতদ্রু লেখেন, 'সুপ্রিম কোর্টে যাচ্ছি, বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে।' তাঁর দাবি, আদালতের দেওয়া রক্ষাকবচের সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, মেসি-কাণ্ডে ইতিমধ্যেই দু’বার অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। তবে তিনি দু’বারই হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গ্রেপ্তারি থেকে সুরক্ষা চেয়ে হাই কোর্টে আবেদন করেন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে আদালত তাঁকে সাময়িক স্বস্তি দিলেও একাধিক শর্ত আরোপ করেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না অরূপ বিশ্বাস। পাশাপাশি তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। শুনানির সময় মেসির এত ঘনিষ্ঠভাবে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়েও প্রাক্তন মন্ত্রীকে ভর্ৎসনা করেছে আদালত বলে জানা গিয়েছে। অন্যদিকে, এই মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। পরে তিনি জামিন পান। আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শতদ্রু বলেন, তাঁর জামিনের আবেদন পাঁচবার খারিজ হয়েছিল এই যুক্তিতে যে তিনি প্রভাবশালী ব্যক্তি এবং তদন্তে প্রভাব ফেলতে পারেন। তাঁর প্রশ্ন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অরূপ বিশ্বাস আরও বেশি প্রভাবশালী হওয়া সত্ত্বেও কীভাবে তাঁকে রক্ষাকবচ দেওয়া হল? এছাড়াও, পুলিশি তলব এড়ানোর বিষয়টি নিয়েও অরূপ বিশ্বাসকে কটাক্ষ করেছেন শতদ্রু। এখন নজর ডিভিশন বেঞ্চের শুনানির দিকে। সেখানে কী সিদ্ধান্ত হয়, তার উপরই নির্ভর করবে মামলার পরবর্তী আইনি লড়াই।

ঘটনার সূত্রপাত গত ১৭ মে। মেসির ‘গোট টুর’ অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠানের নিরাপত্তায় গাফিলতির মতো একাধিক গুরুতর ধারার উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৪ জুন অরূপকে থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ। তবে তার আগেই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান। পুলিশের দাবি, অসুস্থতার কোনও মেডিক্যাল নথি বা রিপোর্ট জমা দেননি প্রাক্তন মন্ত্রী। ফলে তাঁকে ৮ জুন সকাল ১১টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নতুন নির্দেশ দেওয়া হয়। এই আবহে ৭ তারিখ তাঁর বাড়িতে গিয়ে দু’টি নোটিসও সাঁটিয়ে আসে পুলিশ। তবে অরূপ হাজিরা দেননি। বরং তিনি আপাতত 'নিখোঁজ'।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe