...
...
Next Story

Aroop Biswas Messi Event Row: মেসিকাণ্ডে ফের থানায় তলব অরূপ বিশ্বাসকে, হাই কোর্টে রিপোর্ট জমা দেবে পুলিশ

মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অরূপকে। এর আগে এই মামলায় তিনবার পুলিশের মুখোমুখি হয়েছেন তিনি। এবার কলকাতা হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কয়েকদিন আগেই ফের তাঁকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী অফিসাররা।

Published on: Jul 7, 2026, 11:41:19 IST
Advertisement

Aroop Biswas Messi Event Row: আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে বিতর্কের তদন্তে ফের তলব করা হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। এর আগে এই মামলায় তিনবার পুলিশের মুখোমুখি হয়েছেন তিনি। এবার কলকাতা হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কয়েকদিন আগেই ফের তাঁকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী অফিসাররা।

মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অরূপকে। (PTI)
মঙ্গলবার বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে অরূপকে। (PTI)

গত বছরের ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্তকে। পরে তিনি জামিনে মুক্তি পান। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শতদ্রুই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অনুষ্ঠানকে কেন্দ্র করে টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

তদন্ত চলাকালীন একাধিকবার অরূপ বিশ্বাসকে হাজিরার নোটিস পাঠানো হলেও প্রথমদিকে তিনি থানায় যাননি। পরে অবশ্য তিন দফায় তদন্তকারীদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেন। প্রতিবারই তিনি দাবি করেছেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন।

অন্যদিকে, এই মামলায় কলকাতা হাই কোর্ট থেকে অন্তর্বর্তী স্বস্তিও পেয়েছেন অরূপ বিশ্বাস। আদালত আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে। ফলে আপাতত গ্রেপ্তার বা অন্য কোনও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আদালতের কোনও বাধা নেই।

মেসির কলকাতা সফরকে ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছিল। মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিম কলকাতার পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেছিল, অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা বিধি ভেঙে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠে প্রবেশ করেছিলেন। অভিযোগ, নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে তিনি মেসির খুব কাছে যাওয়ার চেষ্টা করেন এবং একাধিকবার তাঁর সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শে আসেন। মেসির কাঁধ ও কোমরে হাত রাখার ঘটনাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল মেসির ম্যানেজমেন্ট টিম।

এছাড়াও অভিযোগ ওঠে, অনুষ্ঠানের বিপুল সংখ্যক টিকিট অনিয়ম করে বিতরণ করা হয়েছিল। অভিযোগকারীদের দাবি, প্রায় ২২ হাজার টিকিট প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে সাধারণ দর্শকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়। যদিও এই সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন অরূপ বিশ্বাস।

এখন হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আগে পুলিশের এই নতুন জিজ্ঞাসাবাদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এবং আদালতে জমা দেওয়া রিপোর্টে কী উল্লেখ থাকে, সেদিকেই এখন নজর সবার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe