...
...
Next Story

Arup Biswas Summon in Messi Case: মেসিকাণ্ডে চাপে তৃণমূলের অরূপ বিশ্বাস, অসুস্থতার কথা বলে এড়ালেন পুলিশি হাজিরা

অরূপ তাঁর আইনজীবীর মাধ্যমে পুলিশকে জানিয়েছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় হাজিরা দিতে পারেননি। এর আগে এই মামলায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছিল।

Published on: Jun 4, 2026, 10:31:20 IST
Advertisement

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার মামলায় পুলিশি তলব সত্ত্বেও হাজিরা দিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্ধারিত দিনে তদন্তকারী অফিসারের সামনে উপস্থিত হতে পারেননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, মেসির অনুষ্ঠানটির অন্যতম আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই তদন্তের অংশ হিসেবেই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। নির্দিষ্ট দিনে হাজির হওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। তাঁর আইনজীবীর মাধ্যমে পুলিশের কাছে জানানো হয়েছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় হাজিরা দিতে পারেননি। এর আগে এই মামলায় বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন অরূপ। সেই আবেদন খারিজ হয়েছিল।

মেসির পাশে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মেসির পাশে অরূপ বিশ্বাস। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

তদন্তকারীরা জানতে চাইছেন, অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কার কী ভূমিকা ছিল, আর্থিক লেনদেন কীভাবে হয়েছে এবং প্রতিশ্রুত কর্মসূচি ভেস্তে যাওয়ার পিছনে কী কারণ ছিল। রিপোর্ট অনুযায়ী, হাজিরা দেওয়ার জন্য দু’সপ্তাহের সময় চেয়ে নিয়েছেন অরূপ। উল্লেখ্য, গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারায় মামলা করেছেন শতদ্রু। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণার মতো অভিযোগ এনেছেন শতদ্রু। তাঁর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন অরূপ। এরই সঙ্গে গা জোয়ারি করে মেসির কাছাকাছি এসেছিলেন তিনি এবং বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন অরূপ।

এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা না দিলেও অরূপ বিশ্বাস তদন্তে সহযোগিতা করবেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে তিনি তদন্তকারীদের সামনে উপস্থিত হবেন বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সূত্রে খবর, মামলার তদন্ত অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলবে। তদন্তকারীরা এখন পরবর্তী হাজিরার দিন নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe