Santiniketan shootout: বীরভূমের শান্তিনিকেতন (Santiniketan) থানার অন্তর্গত লাইক বাজার এলাকায় এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক পুলিশকর্মী। আহত ওই কনস্টেবলের নাম বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হামলা চালিয়ে অভিযুক্ত চম্পট দিলেও তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। শান্তিনিকেতন থানার এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, লাইক বাজার এলাকায় অভিযুক্তকে ধরতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময় অভিযুক্ত আচমকাই গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির আঘাতে কনস্টেবল বিশ্বজিৎ দাস আহত হন। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্ত পলাতক রয়েছে এবং পুলিশ তাকে ধরতে তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বোলপুরের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জনগণের বক্তব্য, শুধু রাজনৈতিক নেতা নন, সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। মাস দেড়েক আগেই বোলপুর শহরে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছিল এক বিজেপি নেতাকে। আর এবার খোদ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটল।
বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানান, অভিযুক্তকে ধরতে গিয়ে এক পুলিশকর্মীর পায়ে গুলি লেগেছে। তবে ঠিক কোন মামলায় কাকে গ্রেফতার করতে পুলিশ ওই এলাকায় গিয়েছিল, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। বোলপুরের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা বলছেন, শান্তিনিকেতন ও বোলপুর—এই দুটি থানাকে কেন্দ্র করে পুরো শহর পরিচালিত হয়। এমনকী খোদ এসডিপিও (SDPO) এবং অ্যাডিশনাল এসপি (Additional SP)-র মতো উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বোলপুর শহরেই থাকেন। তা সত্ত্বেও এমন ঘটনা কেন ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে, এখানে শুধু স্থানীয় মানুষ নন, দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক ও বিদেশি নাগরিক আসেন। তাঁদের নিরাপত্তা কোথায়? এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে সাধারণ মানুষের মনে।