...
...
Next Story

‘জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা’, অভিষেকের আপ্তসহায়কের স্ত্রী হাইকোর্টে, CBI তদন্তের দাবি

প্রতিবেদন অনুযায়ী, সোমবার কলকাতা হাইকোর্টে এই আবেদন জানিয়েছেন সুস্মিতা। আদালত আগেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

Published on: Nov 9, 2026, 13:49:05 IST
Advertisement

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। ডায়মন্ড হারবারে তৃণমূলের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। তাঁর অভিযোগ, পুলিশি হেফাজতে স্বামীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হচ্ছে। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। এমনকী মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য গোটা টাকা উদ্ধারের ঘটনাটিই সাজানো হয়েছে বলে দাবি তাঁর। এই ঘটনায় রাজ্য পুলিশের পরিবর্তে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। বিকল্প হিসাবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জিও জানিয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। (HT_PRINT)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। (HT_PRINT)

প্রতিবেদন অনুযায়ী, সোমবার কলকাতা হাইকোর্টে এই আবেদন জানিয়েছেন সুস্মিতা। আদালত আগেই তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা।

কী অভিযোগ সুমিতের স্ত্রীর?

সুস্মিতার অভিযোগ, ডায়মন্ড হারবারে যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। পরিকল্পিত ভাবে সুমিতকে ওই ঘটনায় জড়ানোর চেষ্টা করছে পুলিশ। তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সুমিতের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী। তাঁর আশঙ্কা, পুলিশি হেফাজতে স্বামীর উপর আরও অত্যাচার হতে পারে। তাই দ্রুত আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। শুধু সিবিআই তদন্ত নয়, তদন্তের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়ারও আবেদন জানিয়েছেন বলে জানা গিয়েছে। সুস্মিতার দাবি, নিরপেক্ষ তদন্ত না হলে প্রকৃত ঘটনা সামনে আসবে না।

কী ভাবে উদ্ধার হয়েছিল কোটি টাকা?

পুলিশের দাবি, জায়গাটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের সঙ্গে যুক্ত। তবে ওই বিধায়ক বর্তমানে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে রয়েছেন। উদ্ধার হওয়া টাকার উৎস কী, কেন সেখানে এত নগদ রাখা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্য দিকে, তৃণমূলের আইনজীবী অর্ক নাগের দাবি, পুলিশ পরিকল্পিত ভাবে সুমিতকে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর অভিযোগ, উদ্ধার হওয়া টাকা গোনার সময় সুমিতকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকী তাঁকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য এই অভিযোগের সত্যতা স্বীকার করেনি।

কোন মামলায় গ্রেফতার সুমিত?

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি বেআইনি ভাবে বিক্রির অভিযোগে দায়ের হওয়া মামলায় সুমিতকে গ্রেফতার করেছিল সিআইডি। গত ১০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করার পর তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। জামিনের আবেদনও সম্প্রতি কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে খারিজ হয়েছে। আগামী ১৬ নভেম্বর নিয়মিত বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা।

এবার কোটি টাকা উদ্ধারের ঘটনায় নতুন করে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে গেলেন তাঁর স্ত্রী। ফলে সুমিত রায়কে ঘিরে আইনি ও রাজনৈতিক টানাপড়েন আরও বাড়ল। মঙ্গলবার হাইকোর্ট এই মামলায় কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks