...
...
Next Story

Bangladesh Border: পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ খতিয়ে দেখলেন?

ইমিগ্রেশন সেন্টারে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চূড়ান্ত পরিকল্পনা বা দিনক্ষণ এখনও নিশ্চিত নয়।

Published on: Nov 23, 2026, 07:59:40 IST
Advertisement

২০২৬ সালের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ খতিয়ে দেখতে এবার পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে হাজির হলেন আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। রবিবার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দু’ঘণ্টা সময় কাটান তাঁরা। এই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে।

Jumman Fakir, whose wife, Sahida Fakir, was pushed into Bangladesh by Indian border guards after her name was dropped from the voter list during a revision of electoral rolls, stands on the Indian side of Petrapole-Benapole border checkpoint between India and Bangladesh, in Petrapole, West Bengal, India, October 31, 2026. REUTERS/Francis Mascarenhas (REUTERS)
Jumman Fakir, whose wife, Sahida Fakir, was pushed into Bangladesh by Indian border guards after her name was dropped from the voter list during a revision of electoral rolls, stands on the Indian side of Petrapole-Benapole border checkpoint between India and Bangladesh, in Petrapole, West Bengal, India, October 31, 2026. REUTERS/Francis Mascarenhas (REUTERS)

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোলের ইমিগ্রেশন সেন্টারে পৌঁছন আওয়ামী লীগের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দু’ঘণ্টা সেখানে থাকার পর তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন।

কেন এই সীমান্ত পরিদর্শন? রাজনৈতিক মহলের নজর এখন সেই দিকেই। আওয়ামী লীগ নেতৃত্বের কাছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়, তা নতুন করে স্পষ্ট হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে দলের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে খবর। সেই প্রেক্ষাপটে পেট্রাপোল-বেনাপোল সীমান্তের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে ইমিগ্রেশন সেন্টারে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিংবা পেট্রাপোল থানার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের চূড়ান্ত পরিকল্পনা বা দিনক্ষণ এখনও নিশ্চিত নয়।

সেখানেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার মন্তব্য করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। ফলে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি নেতৃত্বের মন্তব্য একই দিনে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতেই রয়েছেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং দলের নিবন্ধন স্থগিত হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। নতুন বিএনপি সরকারও সেই বিধিনিষেধ বহাল রেখেছে।

এমন পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নিছক একটি সীমান্ত পরিদর্শন, নাকি বাংলাদেশের রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার বৃহত্তর প্রস্তুতি, তা নিয়ে কৌতূহল বাড়ছে। সূত্রের খবর, শুধু পেট্রাপোল নয়, ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তপথও খতিয়ে দেখতে পারেন আওয়ামী লীগ নেতারা।

সব মিলিয়ে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক তৎপরতা যে নতুন করে গতি পাচ্ছে, পেট্রাপোলের এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। তবে প্রত্যাবর্তনের বাস্তব সম্ভাবনা নির্ভর করবে ভারত-বাংলাদেশের কূটনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks