তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বরানগর। ঘটনাটি ঘটে ১৩ এপ্রিল রাতে। এই পরিস্থিতিতে বরানগরে বিজেপির প্রার্থী সজল ঘোষ পুলিশ স্টেশনের বাইরে প্রতিবাদ প্রদর্শন করেন। অভিযোগ, প্রচার চালানোর সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই আবহে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির দাবিতে প্রতিবাদ দেখায় গেরুয়া শিবির। সজল ঘোষ যখন থানার সামনে প্রতিবাদ দেখাচ্ছেন, সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ফোন করেন তাঁকে। এই ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন মনোজ আগরওয়াল।

রিপোর্ট অনুযায়ী, ১৩ এপ্রিল রাতে বরানগরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি একটি সভার আয়োজন করেছিল। সেই সভা শেষ হতে না হতেই নাকি সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হাজির হয়। তাদের হাতে নাকি বন্দুক ছিল। তবে এই ঘটনায় কোনও গুলি চলেনি। যদিও বন্দুকের বাট দিয়ে নাকি বিজেপি কর্মীদের মারধর করা হয়। এতে গেরুয়া শিবিরের ৩-৪ জন কর্মী আহত হন বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় নাম উঠে এসেছে অজয় গুপ্তার। এদিকে বিজেপির অভিযোগ, হামলার বিষয়ে পুলিশকে জানানো হলেও তারা নিষ্ক্রিয় ছিল।
সজল ঘোষের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে এই মারধরের ঘটনা ঘটে। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সজল ঘোষ। পরে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে কথা হয় সজলের। এই কথোপকথন নিয়ে বিজেপি প্রার্থী জানান, মনোজ আগারওয়াল নাকি তাঁকে বলেন, পুলিশ নির্দেশ না দিলে কেন্দ্রীয় বাহিনী কিছু করতে পারেন না। তাই কোনও পুলিশের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই বিষয়েও খতিয়ে দেখা হবে। ব্যবস্থাও নেওয়া হবে। নির্বাচন কমিশনের কাছে বিজেপি এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জমা করবে বলেও জানান সজল ঘোষ।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।