...
...
Next Story

কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বিষ্ণুপুরের জওয়ান! হাসপাতালে চিকিৎসাধীন শান্তনু, উদ্বেগে পরিবার

পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তনু চন্দ্র বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজার এলাকার বাসিন্দা। তিনি ২০১১ সালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৬ নম্বর ব্যাটালিয়নে যোগ দেন। প্রায় সাড়ে তিন বছর আগে তাঁকে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল।

Published on: Nov 12, 2026, 11:10:12 IST
Advertisement

কাশ্মীরে ফের জঙ্গি হামলার ঘটনা। এবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে সিআরপিএফের টহলদারি চৌকি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল সশস্ত্র জঙ্গিরা। সেই হামলাতেই গুলিবিদ্ধ হলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা এক জওয়ান। আহত জওয়ানের নাম শান্তনু চন্দ্র। তাঁর হাতে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এদিকে কাশ্মীরে কর্মরত ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর বাড়িতে পৌঁছতেই উদ্বেগে ভেঙে পড়েছে গোটা পরিবার।

কাশ্মীরে জখম সিআরপিএফ জওয়ান শান্তনু চন্দ্র বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজার এলাকার বাসিন্দা। (ANI Video Grab   )
কাশ্মীরে জখম সিআরপিএফ জওয়ান শান্তনু চন্দ্র বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজার এলাকার বাসিন্দা। (ANI Video Grab )

পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তনু চন্দ্র বিষ্ণুপুর শহরের শাঁখারিবাজার এলাকার বাসিন্দা। তিনি ২০১১ সালে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪৬ নম্বর ব্যাটালিয়নে যোগ দেন। প্রায় সাড়ে তিন বছর আগে তাঁকে জম্মু ও কাশ্মীরে পাঠানো হয়েছিল। পুজোর সময় দীর্ঘ ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। লক্ষ্মীপুজোর পর ফের কর্মস্থলে ফিরে যান। বুধবার, ১১ নভেম্বর কুলগামে ডিউটি করার সময়ই জঙ্গি হামলার মুখে পড়েন তিনি।

জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মীরবাজার এলাকার আখরান বা নপাড়া আখরানে সিআরপিএফের একটি নাকা চৌকিতে হামলা চালায় দুই সশস্ত্র জঙ্গি। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালায় তারা। সেই সময় ওই চৌকিতেই কর্তব্যরত ছিলেন শান্তনু। হামলায় তাঁর হাতে গুলি লাগে। শুধু শান্তনু নন, এই ঘটনায় মোট তিনজন সিআরপিএফ কর্মী আহত হন। তাঁদের মধ্যে এক হেড কনস্টেবলের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। অন্য এক জওয়ানও আহত হয়েছেন।

পরিবার সূত্রে খবর, বিকেল সাড়ে ৪টে নাগাদ শান্তনু নিজেই স্ত্রী নন্দিনীকে ফোন করেন। তিনি জানান, তাঁদের উপর জঙ্গি হামলা হয়েছে এবং তাঁর এক সহকর্মী হেড কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন শান্তনু। এর প্রায় এক ঘণ্টা পর সিআরপিএফের তরফে নন্দিনীকে জানানো হয়, শান্তনুর হাতেও গুলি লেগেছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শান্তনুর স্ত্রী নন্দিনী দ্রুত শ্বশুরবাড়িতে ফিরে আসেন। তাঁর কথায়, স্বামী এত দূরে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দুশ্চিন্তা কাটছে না। শান্তনুর বাবা তারাপদ চন্দ্রও প্রথমে ছেলের খবর পেয়ে ভেঙে পড়েছিলেন। পরে ফোনে ছেলের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পান।

এদিকে হামলার পর গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। হামলাকারীদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে বাইকে করে জঙ্গিরা এসেছিল বলে খবর ছড়ালেও পরবর্তী অনুসন্ধানে নিরাপত্তা সূত্র জানিয়েছে, তারা জঙ্গলের দিক থেকে হেঁটে এসে হামলা চালিয়ে ফের জঙ্গলের মধ্য দিয়েই পালায়।

সব মিলিয়ে কাশ্মীরের জঙ্গি হামলায় বিষ্ণুপুরের জওয়ান আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বাঁকুড়ায়। আপাতত শান্তনুর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে পরিবার। দ্রুত সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরুন, সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁর পরিজনরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks