...
...
Next Story

'ধোনিকেও বলা হোক!' NSG-র উর্দি পরে প্রচারে বিজেপি প্রার্থী, TMC অভিযোগ তুলতেই...

উত্তরপাড়ায় জোরকদমে প্রচার করছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। প্রচারের সময় দেখা যায়, কালো রঙের একটি ট্র্যাকসুট পরেছেন তিনি।

Published on: Apr 6, 2026, 19:52:26 IST
Advertisement

শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচারে ব্যস্ত। নির্বাচনী প্রচারে গিয়ে কেউ সোজা ভোটারের হেঁশেলে ঢুকে রান্না করে দিচ্ছেন, কেউ আবার কাঁচা মাছ নিয়ে ঘুরছেন। প্রচারে নজর কাড়তে অভিনব পন্থা অবলম্বন করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেই অভিনবত্ব আনতে গিয়ে কী এবার বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী? ভোটপ্রচারে তাঁর পোশাককে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর নির্বাচনী পোশাক নিয়ে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তারা। পাল্টা তৃণমূলকে জবাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদাহরণ দিয়েছেন বিজেপি প্রার্থী।

ঘটনার সূত্রপাত

NSG-র উর্দি পরে প্রচারে বিজেপি প্রার্থী
NSG-র উর্দি পরে প্রচারে বিজেপি প্রার্থী

উত্তরপাড়ায় জোরকদমে প্রচার করছেন বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। প্রচারের সময় দেখা যায়, কালো রঙের একটি ট্র্যাকসুট পরেছেন তিনি। আর তাতে লেখা, এনএসজি। এখানেই আপত্তি তৃণমূলের। জাতীয় নিরাপত্তা বাহিনীর পোশাক ব্যবহার করে নির্বাচনী প্রচার করা যায় কিনা সেই নিয়েই প্রশ্ন তুলেছে শাসকদল। শুধু তাই নয়, এনএসজিতে থাকাকালীন একাধিক এনকাউন্টারের উল্লেখ করে প্রচার করছেন দীপাঞ্জন চক্রবর্তী। এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের আরও অভিযোগ, এভাবে ভোটারকে প্রাভাবিত করছেন বিজেপি প্রার্থী। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে।

তৃণমূল সমালোচনা ও প্রতিক্রিয়া

এই বিষয়ে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা কমিশনে অভিযোগ করব। উনি এগুলো করে প্রমাণ করে দিচ্ছেন, আমরা যে অভিযোগটা করছিলাম সেটা ঠিক। ‘এজেন্সি’ (কেন্দ্রীয় সংস্থা)-কে ব্যবহার করে বিজেপি। ওদের নিজেদের কোনও সংগঠন নেই।’ তিনি আরও বলেন, ‘এত দিন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স নিয়ে নির্বাচন প্রভাবিত করত বিজেপি। এবার নির্বাচন কমিশনকেও নিয়ে এসেছে। এখন আবার এনএসজি-ও নিয়ে এসেছে।’ তৃণমূল প্রার্থীর এ-ও দাবি, তিনি প্রচারে বেরিয়ে এমন অনেক প্রাক্তন সেনাকর্মীর সঙ্গে কথা বলেছেন, যাঁরা দীপাঞ্জন চক্রবর্তীর এই কাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে দীপাঞ্জন চক্রবর্তী বলেন, ‘উনি (তৃণমূল প্রার্থী) তো আইনজীবী। আইনানুগ ব্যবস্থা নিন। তার জবাব দেব।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘সমস্যা হচ্ছে, উনি জানেন না ওটা এনএসজি-র ইউনিফর্ম নয়। ওই ট্রাকসুট যে কেউ পরতে পারেন। মহেন্দ্র সিং ধোনিও পরেন। তা হলে তাঁকেও বলা হোক।’ কিন্তু তা পরে কী কোনও বিশেষ দলের হয়ে নির্বাচনী প্রচার করা যায়? উত্তরপাড়ার নির্বাচনী কেন্দ্রে এখন চর্চা চলছে এই নিয়েই।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe