...
...
Next Story

চোখের জলে জনসংযোগ! মায়ের পারলৌকিক কাজ ফেলে ভোটের ময়দানে পদ্ম প্রার্থী

শোকাতুর মনেও সুকৃতি কুমার সরকারের এই লড়াই রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Published on: Mar 17, 2026, 20:36:11 IST
Advertisement

বেজে গিয়েছে ছাব্বিশের মহারণের দামামা। রবিবারই বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর সোমবারই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর সেই প্রার্থী তালিকা ঘোষণা হতেই ভোট যেন বড় বালাই হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার বিজেপি প্রার্থীর। কয়েকদিন আগেই মাতৃ বিয়োগ হয়েছে । ফলে একদিকে মায়ের পারলৌকিক কাজ, অন্যদিকে ভোট প্রচার। দুই কাঁধে দুই কর্তব্য। তাই শেষমেষ ব্যক্তিগত শোক সামলে ময়দানে নেমে পড়লেন গেরুয়া শিবিরের প্রার্থী।

মায়ের পারলৌকিক কাজ ফেলে ভোটের ময়দানে পদ্ম প্রার্থী (সৌজন্যে ফেসবুক )
মায়ের পারলৌকিক কাজ ফেলে ভোটের ময়দানে পদ্ম প্রার্থী (সৌজন্যে ফেসবুক )

এবার বাদুড়িয়া থেকে বিজেপির মুখ সুকৃতি কুমার সরকার। গতকালই দলের পক্ষ থেকে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহল তো বটেই পরিচিতদের মধ্যেই বিস্তর চর্চার মাঝেই পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে সুকৃতি কুমার সরকারের। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু মনে কার্যত পাথর চাপা দিয়ে মঙ্গলবার সকাল থেকেই ভোটের প্রচারে নেমে পড়লেন তিনি। এদিন সকালে সুকৃতিবাবুর বাড়িতে যখন তাঁর স্বর্গীয় মায়ের শ্রাদ্ধানুষ্ঠান, পারলৌকিক ক্রিয়া চলছে, তখনই দলীয় পতাকা হাতে কর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করে দেন তিনি। সোজা কথায় একদিকে ঘরে যখন শোকের পরিবেশ, কান্নার রোল, অন্যদিকে বাইরে তখন গণতন্ত্রের লড়াই।

বিজেপি প্রার্থীর বক্তব্য, দল যখন তাঁর উপর ভরসা করেছে তখন তিনি সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন দলের মুখ রক্ষা করার। এবং জিতে বাদুড়িয়ার মানুষের পাশে দাঁড়ানোর। এই প্রসঙ্গে সুকৃতি কুমার সরকার বলেন, 'মায়ের অভাব কোনোদিন পূরণ হওয়ার নয়। তবে দল যখন আমার ওপর ভরসা করে দায়িত্ব দিয়েছে, তখন আমাকেও সর্বস্ব দিয়ে চেষ্টা করতেই হবে দলের জন্য। মানুষের আশীর্বাদ নিয়ে জয়ী হয়ে আমি বাদুড়িয়ার মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সেবা করতে চাই।' দলের প্রতি সুকৃতিবাবুর এমন নিষ্ঠা দেখে এলাকার ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই করছেন প্রশংসা। স্থানীয় ভোটার সুভদ্রা মিস্ত্রি জানান, 'মায়ের কাজের দিনেও যে প্রার্থী মানুষের কথা ভেবে প্রচারে বেরিয়েছেন, তা দেখে বোঝা যায় তিনি দায়িত্ব পালনে কতটা কঠোর। রাজনৈতিক লড়াই তো আছেই, কিন্তু মানুষের জন্য কাজ করার এই মানসিকতা সত্যিই আলাদা।' শোকাতুর মনেও সুকৃতি সরকারের এই লড়াই রাজনৈতিক মহলে বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks