...
...
Next Story

নির্বাচনী প্রচারে বিপত্তি! মাথা ফাটল বিজেপি প্রার্থীর, রক্তারক্তি-কাণ্ড ময়নাগুড়িতে

ঘটনার খবর ছড়িয়ে পরতেই দলে দলে বিজেপি কর্মীরা ময়নাগুড়ি হাসপাতালে ভিড় জমান।

Published on: Apr 7, 2026, 11:23:23 IST
Advertisement

ক্রমেই ভোটের হাওয়া বেশ গরম হয়ে উঠেছে, কারণ বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। চারিদিকে চলেছে নেতা মন্ত্রীদের ভোটের প্রচার। এর মধ্যেই ঘটে গেলে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রচারে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে প্রচার চলাকালীন হঠাৎই তাঁর মাথায় গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় প্রার্থীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান অসংখ্য বিজেপি কর্মী-সমর্থক।

ময়নাগুড়িতে মাথা ফাটল বিজেপি প্রার্থীর
ময়নাগুড়িতে মাথা ফাটল বিজেপি প্রার্থীর

বিজেপি সূত্রে খবর, সোমবার বিকেলে ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় প্রচার কর্মসূচী ছিল বিজেপির। সেখানে বিভিন্ন দোকানে ঢুকে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করছিলেন পদ্ম প্রার্থী। সেই সময় একটি দোকানের ভেতর প্রবেশ করতে গিয়েই বিপত্তি ঘটে। দোকানে ঢুকতে গিয়ে বারান্দার টিনে তাঁর মাথায় সজোরে আঘাত লাগে। আঘাত লাগার ফলে ডালিম বাবুর কপালে গুরুতর চোট পান। কপাল কেটে যায়। গভীর ক্ষত তৈরি হয়। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায়। তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে ময়নাগুড়ি হাসলাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। ঘটনার দরুন ডালিম বাবুর মাথায় দুটি সেলাই পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখন তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, ঘটনার খবর ছড়িয়ে পরতেই দলে দলে বিজেপি কর্মীরা ময়নাগুড়ি হাসপাতালে ভিড় জমান। বিজেপি সূত্রে খবর, এখন কয়েকদিন বিজেপি প্রার্থীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সেক্ষেত্রে, আপাতত কয়েকদিন প্রচার বন্ধ থাকবে বলে খবর। এদিকে, ভোটের সময় প্রচার বন্ধ থাকলে কী হবে, সেই নিয়ে চিন্তায় পড়েছেন কর্মীরা। তবে, খুব দ্রুতই তিনি প্রচার শুরু করবেন বলে জানা গিয়েছে। ঘটনা এই প্রসঙ্গে ডালিম রায় বলেন, 'প্রচারে বেরিয়ে একটি দোকানের টিনে আঘাত লেগেছে।' এদিকে বিজেপির জেলা সহ সভাপতি চঞ্চল সরকার বলেন, 'আমরা প্রচারে বেরিয়েছিলাম। প্রচারের শেষের দিকে ছিলাম। স্টেশন মোড়েও শেষ পর্যায়ে ছিল প্রচার। একটি ওষুধের দোকানে জনসংযোগ সারছিলেন। বারান্দার যে চাল ছিল, সেটা সামান্য নিচু ছিল। দোকানে ঢোকার সময় মাথায় লেগে যায়। লেগে গিয়ে কেটে যায়। মুহূর্তের মধ্যেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তারপরই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁকে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe