...
...
Next Story

Nandigram: বাড়িতে বোমাবাজি-হুমকি! শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ BJP নেতার

Nandigram: ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রামে। ২০২১ সালের নির্বাচনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই ছিল। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে শাসক শিবির তৃণমূল।

Published on: Apr 17, 2026, 14:41:27 IST
Advertisement

Nandigram: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এলাকার দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে গভীর রাতে বিজেপির সংখ্যালঘু মোর্চার এক নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, সংখ্যালঘু মোর্চার তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক আব্বাস বেগের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল নেতা শেখ সুফিয়ান ও শামসুল ইসলামের বিরুদ্ধে বোমাবাজির নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে নন্দীগ্রাম থানায় সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ BJP নেতার
শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ BJP নেতার

আব্বাস বেগের অভিযোগ, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা ছিল। সেখান থেকে শেখ সুফিয়ান তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বলেই অভিযোগ। আব্বাসের দাবি, তাঁকে হুমকিও দেওয়া হয়। নন্দীগ্রাম থানায় তিনি অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার পরই এই বোমাবাজির অভিযোগ সামনে আসে। গত ১৬ এপ্রিল রাতে আব্বাসের দাউদপুরের বাড়ির কাছে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। খবর পেয়েই আইসির নেতৃত্বে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তাজা বোমা উদ্ধার করা হয়। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে নির্বাচন কমিশনের আওতাধীন পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তেরও দাবি করেছেন আব্বাস বেগ।

আব্বাস বেগের দাবি, নিরাপত্তার অভাববোধ করছেন তিনি। সে কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন। এদিকে, বোমাবাজি, প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আব্বাস বেগকে কটাক্ষ করে বলেন, 'আব্বাস বেগ চোর। পঞ্চায়েতের টাকা, মুরগি, ছাগলছানা চুরি করেছে। ওকে নিয়ে আমাকে কথা বলতে হবে? এত অধঃপতন হয়নি আমার যে ওকে নিয়ে কথা বলতে হবে। বিজেপি ভুলে গিয়েছে হেরে যাবে। সে কারণে মিথ্যা মামলা দিতে হচ্ছে।' একই সঙ্গে সুফিয়ানের চ্যালেঞ্জ, 'যদি কেউ অভিযোগ করে থাকে, তবে আমার হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক।' আপাতত অভিযোগ, পালটা অভিযোগে নন্দীগ্রামে চলছে জোর চাপানউতোর। তবে ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রামে। ২০২১ সালের নির্বাচনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই ছিল। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে শাসক শিবির তৃণমূল। ছাব্বিশের ভোটে তাই বিজেপির শুভেন্দু অধিকারী বনাম শুভেন্দু অধিকারীর একসময়ের ছায়াসঙ্গী পবিত্র করের লড়াই। সেই নন্দীগ্রাম তপ্ত বোমাবাজির অভিযোগে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe