রাজ্যে নতুন সরকারের বয়স সবে কয়েক মাস! এরই মধ্যে একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, রাজ্যে হাসপাতাল তৈরির জন্য বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। সেই হাসপাতাল নিউটাউনে হতে পারে বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি সদ্য এক ফেসবুক পোস্টে জানান তাঁর এক তাবড় বৈঠকের কথা।

বিজেপি শাসিত মহারাষ্ট্রের বাণিজ্যনগরী মুম্বইতে একাধিক শিল্পপতির সঙ্গে সদ্য বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টি নিয়ে তাঁর ফেসবুক পেজে তিনি জানান,' মুম্বইয়ের বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পোন্নয়নের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।' এরই সঙ্গে তিনি লেখেন,' বৈঠকে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। উপস্থিত শিল্পপতিরা পশ্চিমবঙ্গে ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।' তাঁর বৈঠকের এক ছবি প্রকাশ করে, ওই পোস্টের শেষে শমীক ভট্টাচার্য লেখেন, 'আমরা বিশ্বাস করি, শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সরকার, শিল্পমহল এবং বিনিয়োগকারীদের পারস্পরিক সহযোগিতা পশ্চিমবঙ্গের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'
জানা যাচ্ছে, দেশের তাব়ড শিল্পপতিদের নিয়ে মেগা বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। বিগত কয়েক বছরে রাজ্যে শিল্প ও কর্মসংস্থান একটি বড় ফ্যাক্টর হয়েছে। তা নিয়ে নানান সময় রাজনীতিও তপ্ত হয়েছে। মমতা-সরকারের আমলে শাসকদলের বিরুদ্ধে শিল্প ও কর্মসংস্থান নিয়ে বহুবার সরব হয়েছে বিজেপি। সেই জায়গা থেকে রাজ্যে বিজেপি সরকার আসতেই দেখা গিয়েছে বিনিয়োগ টানতে সরকারের নানান তৎপরতা। সেই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের নয়া পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ।