BJP President slams TMC: মহিষাদলে নির্বাচনী প্রচারে এসে অনুপ্রবেশ ইস্যুতে সরব বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এরই সঙ্গে তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে 'বাংলাদেশি' আখ্যা দেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বার্তা দিয়ে নিতিন নবীন বলেন, যাঁদের এই বাংলায় অধিকার আছে, তাঁরাই অধিকার পাবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুকে বড় হাতিয়ার করতে চেয়েছে বিজেপি। এই আবহে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ, অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমদের নাকি ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সবাই এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তোপ দেগে চলেছেন।

এই নিতিন বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষের নামে সরকার গঠন করেছিলেন, কিন্তু যদি কেউ মা-মাটি-মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে থাকে, সেটা হল মমতা দিদির সরকার। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না তিনি। তাই তাঁকে গদি থেকে সরিয়ে দেওয়া উচিত।' নিতিন বলেন, 'এখানকার মাটি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানকার মানুষের জন্য কর্মসংস্থান না করে তাদের পালিয়ে যেতে বাধ্য করছে। মমতা দিদি নন্দীগ্রাম আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। তবে নন্দীগ্রাম থেকে তিনি কিছু শেখেননি। আমরা মহিলা সংরক্ষণের জন্য বিল এনেছিলাম, কিন্তু মমতা দিদি সেই বিলের বিরোধিতা করেন। এই যদি মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা উঠত, তাহলে সেটার সমর্থন করতেন।'
বিজেপি সভাপতি বলেন, 'এখানে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হচ্ছে, তা আমরা হতে দেব না। তাদের আমরা ডিলিটও করব, ডিপোর্টও করব।' এদিকে তিনি অভিযোগ করেন, তৃণমূলে যেভাবে অভিষেককে 'সামনে নিয়ে আসার' চেষ্টা চলছে, তা থেকে স্পষ্ট যে তারা সিন্ডিকেটের সরকার চালিয়ে যেতে চায়। তিনি বলেন, বিজেপি সরকারে এলে সিন্ডিকেট রাজ পুরোপুরি খতম করা হবে এবং স্বচ্ছতার সঙ্গে যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।