...
...
Next Story

Local Trains Cancelled: নৈহাটি জংশনে আধুনিকীকরণের কাজ, সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন

আগামী সপ্তাহান্তে, অর্থাৎ ১৮ ও ১৯ জুলাই শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত পথে চলাচল কিংবা নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলবে। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তেই এই কাজের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Published on: Jul 16, 2026 08:20 PM IST
Advertisement

Local Trains Cancelled: নৈহাটি জংশন স্টেশনে আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) ব্যবস্থা চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজ শুরু করতে চলেছে পূর্ব রেল। এর জেরে আগামী সপ্তাহান্তে, অর্থাৎ ১৮ ও ১৯ জুলাই শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত পথে চলাচল কিংবা নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলবে। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তেই এই কাজের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

১৮ ও ১৯ জুলাই শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত পথে চলাচল কিংবা নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলবে।
১৮ ও ১৯ জুলাই শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল, সংক্ষিপ্ত পথে চলাচল কিংবা নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলবে।

রেল সূত্রে খবর, নৈহাটি জংশন শিয়ালদহ ডিভিশনের অন্যতম ব্যস্ত স্টেশন এবং এটি একটি গুরুত্বপূর্ণ রেল ইয়ার্ড। এই স্টেশনের মাধ্যমে প্রতিদিন বহু লোকাল, মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করে। পাশাপাশি এটি একাধিক রেল ডিভিশনের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে। ট্রেন চলাচল আরও নিরাপদ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করতে অত্যাধুনিক লজিক সার্কিট-সহ নৈহাটি সেন্ট্রাল ইলেকট্রনিক ইন্টারলকিং ও ইআই হাট স্থাপনের কাজ করা হবে।

এই কাজের জন্য ১৮ জুলাই শনিবার রাত ১২টা থেকে ১৯ জুলাই রবিবার ভোর ৪টা পর্যন্ত মোট চার ঘণ্টার নন-ইন্টারলকিং ট্রাফিক ব্লক থাকবে। এই সময়ের মধ্যে রেললাইন ও সিগন্যাল ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে। ফলে বেশ কিছু ট্রেন বাতিল এবং কয়েকটির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

১৮ জুলাই বাতিল থাকবে শিয়ালদহ-রানাঘাট ৬৩১১১ আপ লোকাল এবং নৈহাটি-শিয়ালদহ ৩১৪৪৭ আপ ও শিয়ালদহ-নৈহাটি ৩১৪৫০ ডাউন লোকাল।

এছাড়া বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে। বালিয়া-শিয়ালদহ ১৩১০৬ ডাউন ট্রেনটি ১৮০ মিনিট, জোগবনী-কলকাতা ১৩১৬০ ডাউন ট্রেনটি ১৫০ মিনিট, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ ১৩১৪২ ডাউন ট্রেনটি ১০০ মিনিট এবং লালগোলা-শিয়ালদহ ৫৩১৭২ ডাউন ট্রেনটি ৭৫ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে।

১৯ জুলাই রবিবার গোরখপুর-কলকাতা ১৫০৫০ ডাউন, বালুরঘাট-শিয়ালদহ ১৩১৯০ ডাউন এবং মালদহ-শিয়ালদহ ১৩১৫৪ ডাউন ট্রেন ব্যান্ডেল জংশন পর্যন্ত যথাক্রমে ৪৫ মিনিট, ৪৫ মিনিট এবং ৩০ মিনিট নিয়ন্ত্রিতভাবে চলবে।

রেল কর্তৃপক্ষের দাবি, আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালু হলে সিগন্যালিং আরও উন্নত হবে, ট্রেন পরিচালনা হবে আরও দ্রুত ও নিরাপদ। ভবিষ্যতে ট্রেন চলাচলের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমবে।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল। পাশাপাশি যাত্রার আগে সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার জন্য শিয়ালদহ ডিভিশনের সরকারি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, রেলের অফিসিয়াল ওয়েবসাইট অথবা অন্যান্য সরকারি তথ্যসূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। রেলের বক্তব্য, এই স্বল্পমেয়াদি অসুবিধার বিনিময়ে দীর্ঘমেয়াদে আরও আধুনিক, নির্ভরযোগ্য ও নিরাপদ রেল পরিষেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe