Blood Bank Scam in Bengal: রক্ত নিয়েও ১০০ কোটি টাকার বেশি দুর্নীতি বাংলায়! নাম উঠল কালীঘাটের 'প্রভাবশালীরও'
Blood Bank Scam in Bengal: চাকরি থেকে রাস্তা- তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন ক্ষেত্র থেকে। এবার আরও একটি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। রক্ত নিয়েও পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠল।
Blood Bank Scam in Bengal: রক্ত নিয়েও দুর্নীতি পশ্চিমবঙ্গে! অভিযোগ উঠেছে যে বেআইনিভাবে রক্ত এবং প্লাজমা বিক্রির মাধ্যমে কোটি-কোটি টাকার লেনদেন হয়েছে। সেই ব্যবসার জন্য তোয়াক্কা করা হয়নি কোনও নিয়মের। এমনকী প্লাজমার লোভে অতিরিক্ত রক্ত সংগ্রহ করারও অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার ১১টি ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। যে ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে প্রাথমিকভাবে চূড়ান্ত অনিয়মের প্রমাণ মিলেছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় দাবি করেছেন, প্রাথমিক তদন্তে যা উঠে এসেছে, তাতে ব্লাড ব্ল্যাঙ্ক কেলেঙ্কারির অঙ্কটা ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে ৭৪টি বেসরকারি ব্লাড ব্ল্যাঙ্ক আছে, তার মধ্যে কমপক্ষে ১২টি স্বাস্থ্য দফতরের স্ক্যানারের তলায় আছে। ইতিমধ্যে ১১টির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে। সেজন্য ওই ব্লাড ব্যাঙ্কগুলিকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করতে নিষেধ করেছে রাজ্য সরকার।
প্লাজমা বিক্রি করে কোটি-কোটি টাকা কামানোর উদ্দেশ্যেই দুর্নীতি
আর দুর্নীতি এবং অনিয়মের শিকড় প্লাজমা বিক্রির মধ্যেই লুকিয়ে আছে বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, রক্তের প্লাজমা বিক্রি করে কোটি-কোটি টাকা কামানোর উদ্দেশ্যেই যাবতীয় অনিময় করা হয়েছে। সেজন্য নিয়মের তোয়াক্কা না করে বেশি পরিমাণে রক্ত সংগ্রহ করা হয়েছে। বেশি পরিমাণে রক্ত সংগ্রহ করতে উপহারের টোপ দেওয়া হয়েছে, যাতে বেশি রক্তদাতা পাওয়া যায়। উপহারের টাকা জোগান দিয়েছে ব্লাড ব্ল্যাঙ্কগুলিও। অথচ পুরো বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চোখ বন্ধ করেছিল বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
নাম উঠে এল কালীঘাটের এক প্রভাবশালীরও
সেই রেশ ধরে পদ্মপুকুরের একটি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালায় স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, আচমকা অভিযান চালিয়ে ভয়ংকর অনিয়মের ছবিটা সামনে এসেছে। যে পাউচে ৩০০ মিলিমিটার রক্ত রাখা যায়, সেখানে ৫০০ মিলিমিটার পর্যন্ত রাখা হয়েছে। ছোটো ফ্রিজারের মধ্যে ঠেসে রেখে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে রক্ত এবং প্লাজমা। পাশাপাশি ওই ব্লাড ব্ল্যাঙ্ক থেকে কালীঘাটের প্রভাবশালী নেতা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কের নাম থাকা স্ট্যাম্পও মিলেছে বলে সূত্রের খবর।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


