...
...
Next Story

Durgapur News: কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ! খুন করে দেহ লোপাটের চেষ্টা? চাঞ্চল্য এলাকায়

Durgapur News: পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Published on: Jul 2, 2026, 13:33:58 IST
Advertisement

Durgapur News: সাতসকালে কুয়োর মধ্যে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। কী করে এই ব্যক্তির দেহ কুয়োর মধ্যে এল? কীভাবে তাঁর মৃত্যু হয়েছে? সব নিয়ে কার্যত ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁকে খুন করে দেহ কুয়োয় ফেলে দেওয়া হয়েছে কিনা, সেই প্রশ্নও উঠছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ! (সৌজন্যে টুইটার)
কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ! (সৌজন্যে টুইটার)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনসোল এলাকার। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা কুয়োয় জলে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ ভাসতে দেখেন। এরপরই খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়। ঘটনা জানাজানি হতেই দ্রুত ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ। খবই পেয়েই দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। ফলে তিনি কোথা থেকে সেখানে এলেন ও কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। কেউ খুন করে তাঁর দেহ কুয়োয় ফেলে দিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা কালীচরণ মাজি বলেন, 'সকালে কুয়োয় দেহ ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। ওই ব্যক্তি আমাদের এলাকার বাসিন্দা নন। কোথা থেকে এসেছেন, কী করে মৃত্যু কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।' তদন্তকারীরা ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখছেন। আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, পাশাপাশি মৃত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তার নাম পরিচয় জানার জন্য ইতিমধ্যেই খোঁজ চালু করা হয়েছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ব্যক্তির পরিচয় পত্র পাওয়া যাবে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফরিদপুর থানার পুলিশ। ইতিমধ্যেই এই সম্পূর্ণ বিষয় নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe