...
...
Next Story

Bongaon Violence: লাভ জিহাদের অভিযোগ! নাবালিকার মৃত্যু ঘিরে বনগাঁয় উত্তেজনা, ভাঙচুর-হামলা; আহত ৭ পুলিশকর্মী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে গোপালনগর থানার অন্তর্গত এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভিনধর্মের এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তুলে নাবালিকাকে মানসিকভাবে চাপ দিত।

Published on: Jul 10, 2026, 13:09:23 IST
Advertisement

উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকায় নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। ভিনধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং তার জেরে নাবালিকার আত্মহত্যার অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার এলাকায় বিক্ষোভ, ভাঙচুর এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশকর্মীরাও। এই ঘটনায় দুই আধিকারিক-সহ মোট সাতজন পুলিশকর্মী আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকায় নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল।
বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকায় নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে গোপালনগর থানার অন্তর্গত এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভিনধর্মের এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তুলে নাবালিকাকে মানসিকভাবে চাপ দিত। পরিবার দাবি করেছে, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ওই যুবক নাবালিকাকে ভয় দেখায় এবং হুমকি দেয়। সেই মানসিক চাপে পড়েই সে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়। কয়েকটি হিন্দু সংগঠন 'লাভ জিহাদ'-এর অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে। বৃহস্পতিবার সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে নাবালিকার স্মরণসভা এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সকাল থেকেই গোপীনাথপুর এলাকায় বহু মানুষ ওই মিছিলে অংশ নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের ওপরও চড়াও হয় বলে অভিযোগ। ইট-পাটকেল ছোড়া ও হামলায় দুই পুলিশ আধিকারিক-সহ সাতজন পুলিশকর্মী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে হামলায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এলাকায় নতুন করে অশান্তি এড়াতে গোপীনাথপুর এবং সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল চলছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

ঘটনা প্রসঙ্গে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'লাভ জিহাদের প্রতিবাদে বহু হিন্দু একত্রিত হয়েছিলেন বলে শুনেছি। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা পুলিশের কাছে জানাতে হবে। আইনের মাধ্যমেই ব্যবস্থা নিতে হবে। পুলিশকর্মীদের উপর হামলাও অত্যন্ত নিন্দনীয়।' পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবালিকার মৃত্যুর মূল মামলার তদন্ত যেমন চলছে, তেমনই ভাঙচুর, হামলা এবং সরকারি কর্মীর উপর আক্রমণের ঘটনায় পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe