...
...
Next Story

Calcutta High Court: নথি জমা দিতে সময় চেয়েছিলেন মালিক! হাওড়া পৌরনিগমের বাড়ি ভাঙার নির্দেশ খারিজ হাইকোর্টের

Calcutta High Court: ২০২৫ সালের ৩ এপ্রিল বাড়ির মালিক যে চিঠি দিয়েছিলেন, তাতে বেআইনি নির্মাণের কথা স্বীকার করার কোনও উল্লেখ নেই বলে জানায় উচ্চ আদালত। বিচারপতি জানান, ওই নথিতে, সুজয়বাবু শুধু নির্মাণ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন।

Published on: Nov 12, 2026, 15:57:00 IST
Advertisement

Calcutta High Court: নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বাড়ির মালিক। কিন্তু সেই আবেদনকেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নিয়েছিল হাওড়া পৌরসভা (Howrah Municipality)। সেই যুক্তিতে বাড়ি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়। এবার হাওড়া পৌরসভার সেই নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উচ্চ আদালতের পর্যবেক্ষণ নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চাওয়াকে কোনও ভাবেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায় না।

ঘটনার সূত্রপাত

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

ঘটনাটি হাওড়ার। সুজয় সরকার নামে এক ব্যক্তি হাওড়া পৌরনিগমের দেওয়া বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর পৌরনিগমের বোরো-২-এর সহকারী ইঞ্জিনিয়ার তাঁর বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের মামলা করেন সম্পত্তির মালিক। মামলাকারীর বক্তব্য, তিনি কখনও স্বীকার করেননি যে তাঁর নির্মাণ বেআইনি। অথচ পৌরনিগম তাঁর একটি লিখিত বক্তব্যকে স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়ে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। অন্যদিকে হাওড়া পৌরনিগমের দাবি, শুনানির সময় নির্মাণের বৈধতা প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি বাড়ির মালিক সুজয় সরকার। অভিযোগকারী পক্ষও পৌরনিগমের সিদ্ধান্তকে সমর্থন করে।

আদালতে শুনানিতে বিচারপতি রিশাদ মেদোরা মামলার নথি খতিয়ে দেখেন। ২০২৫ সালের ৩ এপ্রিল বাড়ির মালিক যে চিঠি দিয়েছিলেন, তাতে বেআইনি নির্মাণের কথা স্বীকার করার কোনও উল্লেখ নেই বলে জানায় উচ্চ আদালত। বিচারপতি জানান, ওই নথিতে, সুজয়বাবু শুধু নির্মাণ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। সব পক্ষের বক্তব্য শোনার পর এবং সব দিক খতিয়ে দেখেই পৌরনিগমের বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, বাড়ির মালিক এবং অভিযোগকারী, দু’পক্ষকেই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় নথিও জমা দিতে পারবেন তাঁরা। আগামী আট সপ্তাহের মধ্যে সব পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে হাওড়া পৌরনিগমকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks