...
...
Next Story

‘অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়’, অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে

তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া নিয়ে আপত্তি রয়েছে অভিষেকের। তাঁর বক্তব্য, তদন্ত শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা তথ্য ও খবর প্রকাশিত হচ্ছে। এর ফলে বিচারপ্রক্রিয়া শুরুর আগেই জনমানসে তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

Published on: Oct 15, 2026, 13:54:44 IST
Advertisement

তদন্তের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। তা নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, চাইলেই কোনও মামলাকে অবকাশকালীন বেঞ্চে পাঠানো যায় না। তাঁর মন্তব্য, “অবকাশকালীন বেঞ্চ কোনও ডাম্পিং গ্রাউন্ড নয়।” ফলে নির্ধারিত সময়ের আগেই মামলাটির শুনানি করানোর যে চেষ্টা করেছিলেন অভিষেক, আপাতত তাতে সাড়া দিল না আদালত।

কী আর্জি জানিয়েছিলেন অভিষেক?

অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে (@AITCofficial X)
অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে (@AITCofficial X)

তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া নিয়ে আপত্তি রয়েছে অভিষেকের। তাঁর বক্তব্য, তদন্ত শেষ হওয়ার আগেই সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা তথ্য ও খবর প্রকাশিত হচ্ছে। এর ফলে বিচারপ্রক্রিয়া শুরুর আগেই জনমানসে তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে তদন্তের তথ্য বাইরে প্রকাশ করা বন্ধ করার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।

এই মামলাটি আগামী ডিসেম্বর মাসে শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। কিন্তু তার আগেই সংবাদমাধ্যমে প্রতিদিন তদন্তের নানা তথ্য প্রকাশিত হচ্ছে বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলে তাঁর মক্কেলের ক্ষতি হতে পারে। তাই মামলাটি দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক। বিকল্প হিসাবে অবকাশকালীন বেঞ্চে শুনানির আবেদনও জানান তিনি।

কেন রাজি হল না আদালত?

অভিষেকের আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলাটির বিচারিক গতিপথ ইতিমধ্যেই একাধিক বেঞ্চের মধ্যে দিয়ে এগিয়েছে। প্রথমে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটি উঠেছিল। পরে তা ডিভিশন বেঞ্চে যায়। সেখান থেকে আবার বর্তমান বেঞ্চে এসেছে।

উল্লেখ্য, কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ের সামনে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে গত ২৭ অগস্ট উত্তেজনা ছড়িয়েছিল। কলকাতা পুরসভার কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ও সংঘর্ষের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে অভিষেককে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। ১৪ অক্টোবর শেক্সপিয়র সরণি থানায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর এবং পুলিশি তথ্যের ব্যবহার নিয়েই অভিষেকের আপত্তি। তাঁর বক্তব্য, তদন্তের তথ্য প্রকাশের ফলে মামলার নিরপেক্ষতা ও তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই কারণেই আদালতের কাছে প্রতিকার চেয়েছিলেন তিনি।

তবে দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ায় এখন নির্ধারিত সময়ের অপেক্ষা করতে হবে তৃণমূল সাংসদকে। তদন্তের তথ্য প্রকাশ নিয়ে তাঁর মূল আবেদনের শুনানি হলে আদালত কী অবস্থান নেয়, নজর থাকবে সেদিকেই।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks