...
...
Next Story

Calcutta High Court: 'যদি নির্বাচন কমিশন রাজনৈতিক দলের...,' ISF-র প্রতীক মামলায় রায় স্থগিত, হাইকোর্টে প্রশ্নের মুখে...

Calcutta High Court: 'খাম' প্রতীকে আইএসএফ একাধিক ভোটে লড়ার পর, নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে সেই প্রতীক দিয়ে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে।

Published on: Sep 28, 2026, 17:04:46 IST
Advertisement

Calcutta High Court: আইএসএফ-এর নির্বাচনী প্রতীক নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। তবে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। সোমবার শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত। কোন আইনি ধারা মেনে আইএসএফ-এর ব্যবহার করা খাম প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’(ডিটিসি)-কে দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

কী সেই মামলা?

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

'খাম' প্রতীকে আইএসএফ একাধিক ভোটে লড়ার পর, নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে সেই প্রতীক দিয়ে দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে। এদিকে, রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। বাংলার আসন্ন দুই উপ নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া খাম প্রতীকেই লড়ছে গণতান্ত্রিক তৃণমূল। বদলে আলমারি প্রতীক পেয়েছেন নওশাদ সিদ্দিকীরা। নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আইএসএফ।

আদালতের পর্যবেক্ষণ

সোমবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাও পর্যবেক্ষণে বলেন, 'কর্তৃপক্ষের কাজে হাইকোর্ট উদ্বিগ্ন। আদালত চায়, কর্তৃপক্ষ এমন ভাবে কাজ করুন, যাতে পরে তাঁদের প্রশ্নের মুখে পড়তে না-হয়। আর আদালতকেও পরে হস্তক্ষেপ করতে না হয়।' অন্য একটা দলকে কীভাবে প্রতীক দেওয়া হল, তা নিয়ে এদিন ফের প্রশ্ন তুলেছেন বিচারপতি। তিনি বলেন, 'আগের সিম্বল পাওয়া আইএসএফ-এর অধিকার হয়তো নয়, কিন্তু এটা তাদের চাওয়াটা স্বাভাবিক।' এই সূত্রেই কমিশন‌ের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, 'আপনারা অন্য একটা দলকে কী করে দিলেন সেই প্রতীক?’

উত্তরে আইনজীবী জিষ্ণু সাহা বলেন, 'সিম্বল দেওয়ার অধিকার কমিশনের। কোনও পার্টির নয়।' এদিকে আইএসএফের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'সেই অধিকার একপেশে হতে পারে না।' সব পক্ষের সওয়াল জবাব শোনার পর আপাতত সংরক্ষিত রায়। তাই নন্দীগ্রাম এবং রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক কার হাতে যাবে এখন নির্ভর করছে উচ্চ আদালতের রায়ের উপরেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks