...
...
Next Story

Buxa Tigress: গর্ভপাতের পর নিজেই ভ্রূণ খেয়ে ফেলেছিল! ‘ডুয়ার্স রানি’ রহস্যের তদন্তে চাঞ্চল্যকর দাবি এনটিসিএ-র

Buxa Tigress: বাঘিনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। শুরু হয়েছে দোষারোপ। তবে এক্ষেত্রে দোষারোপের কোনও জায়গা নেই বলেই দাবি এনটিসিএ’র।

Published on: Nov 15, 2026, 18:10:10 IST
Advertisement

Buxa Tigress: বক্সা থেকে বারবার পালিয়ে যাচ্ছে বাঘিনি (Tigress)। একবার নয়, দুবার ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘিনিকে নিয়ে আসা হয়েছিল বক্সার (Buxa) জঙ্গলে। কিন্তু সিঁদ কেটে ফের পালিয়েছে সে। এই আবহে এনটিসিএ সূত্রে চাঞ্চল্যকর তথ্য সামনে আসল। এনটিসিএ সূত্রে খবর, অন্তঃসত্ত্বা কিনা তা পরীক্ষা না করেই বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনিকে নিয়ে আসা হয় বক্সাতে। তবে এই পরীক্ষা না করার বিষয়টি অত্যন্ত ‘স্বাভাবিক’ বলেই মনে করছেন দেশের বাঘ সংরক্ষণের নীতি নির্ধারণের সর্বোচ্চ সংস্থা ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটি অব ইন্ডিয়া অর্থাৎ এনটিসিএ’র।

‘ডুয়ার্স রানি’ রহস্যের তদন্তে চাঞ্চল্যকর দাবি এনটিসিএ-র (Representative file photo) (HT_PRINT)
‘ডুয়ার্স রানি’ রহস্যের তদন্তে চাঞ্চল্যকর দাবি এনটিসিএ-র (Representative file photo) (HT_PRINT)

শনিবার দিল্লি থেকে এনটিসিএ-র কর্তা সঞ্জয় কুমার বলেন, 'মানুষের ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি-সহ নানান পরীক্ষা করা হয়। কিন্তু বাঘের ক্ষেত্রে মুহূর্তের ওই টুকু সময়ের মধ্যে সবটা করা সম্ভব হয় না। ঘুম পাড়ানি গুলি করে কাবু করার পর জ্ঞান ফিরলেই আক্রমণ করার সম্ভাবনা থাকে। ফলে ওই সামান্য সময়ের মধ্যে সব পরীক্ষা নিরীক্ষা সম্ভব নয়।' ফলে বিহার থেকে আনা বাঘিনি অন্তঃসত্ত্বা কিনা তার কোনও ডাক্তারি পরীক্ষা হয়নি বলেই দাবি সঞ্জয়বাবুর। শুধু তাই নয়, এনটিসিএ সূত্রে আরও জানা গিয়েছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে আরও একটি বাঘিনিকে পছন্দ করা হয়েছিল। কিন্তু সেই বাঘিনি অন্তঃসত্ত্বা সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে নুন্যতম সন্দেহ হয়নি বলেই দাবি কেন্দ্রীয় সংস্থার। সেই কারণেই এই বাঘিনিকে বক্সাতে আনার জন্য ঘুম পাড়ানি গুলি করে কাবু করা হয় বলে দাবি সূত্রের।

জানা গিয়েছে, ঘটনার পর বক্সাতে বাঘিনি অন্তঃসত্ত্বার বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের দল এসেছে। এই দলটি সমস্ত বিষয় খতিয়ে দেখছে। জানা গিয়েছে, তদন্তে বাঘিনি যে অন্তঃসত্ত্বা ছিল, তার প্রমাণ পেয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর এনক্লোজার থেকে বেড়িয়ে পড়ার আগেই বাঘিনির দুটো ভ্রূণ নষ্ট হয়ে যায়। তার মধ্যে একটি ভ্রূণ বাঘিনি নিজেই খেয়ে ফেলে। অন্য আরেকটি ভ্রূণ উদ্ধার করেছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। তবে প্রথম গর্ভধারণের সময় বাঘিনির ভ্রূণ নষ্ট হওয়া স্বাভাবিক ঘটনা বলেই মনে করছেন বাঘ বিশেষজ্ঞরা। আপাতত বাঘিনি বক্সাতেই বহাল তবিয়তে রয়েছে। অন্যদিকে, অসমেও এনটিসিএ’র সদস্যরা যেতে পারেন বলে খবর। তবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে বলেই জানাচ্ছেন তাঁরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks