...
...
Next Story

Chicken's Neck Update: চিকেনস নেকে কড়া নজর, সীমান্ত পরিদর্শনে বাংলায় অমিত শাহ; উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠক

শুক্রবার বিকেলে শিলিগুড়িতে পৌঁছবেন অমিত শাহ। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। পরদিন সকালে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সীমান্তে বিএসএফের মোতায়েন, নজরদারি ব্যবস্থা, কাঁটাতারের কাজ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি।

Published on: Jul 16, 2026, 21:49:31 IST
Advertisement

বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে দু’দিনের সফরে শুক্রবার উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ‘চিকেনস নেক’ করিডর এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখাই তাঁর সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে প্রশাসনিক সূত্রে খবর। সীমান্ত পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উত্তরকন্যায় রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন তিনি। ফলে শাহের এই সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে শিলিগুড়িতে পৌঁছবেন অমিত শাহ (ANI Video Grab  )
শুক্রবার বিকেলে শিলিগুড়িতে পৌঁছবেন অমিত শাহ (ANI Video Grab )

সূত্রের খবর, শুক্রবার বিকেলে শিলিগুড়িতে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি। পরদিন সকালে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সীমান্তে বিএসএফের মোতায়েন, নজরদারি ব্যবস্থা, কাঁটাতারের কাজ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি।

সীমান্ত পরিদর্শনের পর উত্তরকন্যায় পৌঁছে উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন অমিত শাহ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, চোরাচালান দমন এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও ইতিমধ্যে এই বৈঠকের প্রস্তুতি শুরু করেছেন।

জানা গিয়েছে, শুক্রবার বিকেলেই শিলিগুড়িতে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাতে কলকাতায় ফিরে আসবেন অমিত শাহ। রবিবার কলকাতায় একাধিক সরকারি ও সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেওয়ার পর দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে একাধিকবার অমিত শাহ দাবি করেছেন, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশের কারণে পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাঁর মতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্তে আরও কড়া নজরদারি প্রয়োজন। সেই লক্ষ্যেই কেন্দ্র সরকার ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা, উন্নত অবকাঠামো এবং সীমান্ত রক্ষায় নতুন প্রযুক্তির ব্যবহার এই প্রকল্পের মূল লক্ষ্য।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সীমান্তে কাঁটাতার নির্মাণ, বিএসএফকে জমি হস্তান্তর এবং নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার কাজেও গতি এসেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। তাই শাহের এই সফরে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন কোনও ঘোষণা বা নির্দেশ আসে কি না, সেদিকেই নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডর এবং ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা আরও শক্তিশালী করতে কেন্দ্র কী বার্তা দেয়, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe