...
...
Next Story

CM Suvendu Adhikari: 'উনি নমস্য,আমি চাই না আর এ নিয়ে অযথা আলোচনা', প্রণব মুখোপাধ্যায়-পর্ব ঘিরে শুভেন্দু

CM Suvendu Adhikari: বুধবার কোচবিহারের রাসমেলায় গিয়ে ফের প্রণব মুখোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী বলে দেন, এ বিষয়ে আরও আলোচনা হোক তিনি চান না।

Published on: Nov 25, 2026, 22:08:36 IST
Advertisement

CM Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির সাক্ষী প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রয়াত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। তাঁর পরামর্শেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর চর্চা। তবে বুধবারই সেই বিতর্কে ইতি টানতে চাইলেন তিনি। প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, প্রয়াত প্ৰাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে আর কোনও 'অযথা আলোচনা' চাইছেন না তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Utpal Sarkar)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Utpal Sarkar)

মঙ্গলবার এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, প্রণব মুখোপাধ্যায়ই তাঁকে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকার পরামর্শ দিয়েছিলেন। রাষ্ট্রপতি থাকাকালীন রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখন তিনি তৃণমূলের সাংসদ ও দলের গুরুত্বপূর্ণ নেতা। সেই সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ভবনে বসেই প্রণব মুখোপাধ্যায় তাঁকে দল ছাড়ার পরামর্শ দেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী সাক্ষাৎকারে দাবি করেছেন প্রণব মুখোপাধ্যায় তাঁকে বলেছিলেন, 'এমপ্লয়ি হয়ে থাকতে হলে তৃণমূলে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির সঙ্গে থাকো।' আসলে ওই সাক্ষাৎকারে নিজের প্রাক্তন দল তৃণমূল সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, 'ওটা তো কোম্পানির মতো ছিল। আমিও সেখানে এমপ্লয়ি ছিলাম। থাকব না বলেই বেরিয়ে এসেছি। আমার আসল পরামর্শদাতা ছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়।'

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়। বিশেষ করে, ঠিক কোন সময় প্রণব মুখোপাধ্যায় এই ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। কারণ, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলেই ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী-সহ দলে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বও ছিল তাঁর কাঁধে। এই আবহে বুধবার কোচবিহারের রাসমেলায় গিয়ে ফের প্রণব মুখোপাধ্যায় প্রসঙ্গে প্রশ্ন করা হলে, মুখ্যমন্ত্রী বলে দেন, এ বিষয়ে আরও আলোচনা হোক তিনি চান না। শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রণববাবু এখন ঈশ্বরলোকে গিয়েছেন। তিনি আমাদের মধ্যে নেই। তিনি মহামানব।’ মুখ্যমন্ত্রীর কথায়, 'তিনি আমাদের মধ্যে নেই। অনেকে আমার কথায় বিতর্ক করতে পারে। উনি নমস্য মানুষ। আমি চাই না আর এ নিয়ে অযথা আলোচনা হোক।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks