...
...
Next Story

Mamata Banerjee: 'দিল্লির জমিদারেরা...,' নববর্ষের 'শুভনন্দন' বার্তায় BJP-কে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরও ১০৫ টি সামাজিক প্রকল্প করেছে। আগামী দিনে যাতে সমস্ত মানুষ ভাল থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য।'

Published on: Apr 15, 2026, 11:39:28 IST
Advertisement

Mamata Banerjee: নববর্ষের সকালেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় নববর্ষের শুভেচ্ছা বার্তার মোড়কে একদিকে যেমন তিনি বাংলার সম্প্রীতি ও সংস্কৃতির ঐতিহ্যের কথা স্মরণ করালেন, অন্যদিকে নাম না করেই কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন। মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, দিল্লির ‘জমিদারদের’ অত্যাচার ও কেন্দ্রীয় এজেন্সির ‘জুলুমের’ যোগ্য জবাব দিতে হবে ভোটের বাক্সে।

নববর্ষের 'শুভনন্দন' বার্তা মুখ্যমন্ত্রীর (Hindustan Times)
নববর্ষের 'শুভনন্দন' বার্তা মুখ্যমন্ত্রীর (Hindustan Times)

এদিন ভিডিও বার্তার শুরুতেই রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সেই সঙ্গে অনেক রাজ্যেরও নববর্ষ আছে।’ এরপরই তিনি বলেন, ‘বাংলা সম্প্রীতি, সংহতি ও সংস্কৃতির পীঠস্থান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ভালো থাকুন।’ একই সঙ্গে রাজ্যের সরকারি প্রকল্পগুলির বার্তা দিয়েছেন তিনি। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কথাও উল্লেখ করেছেন। বিজেপি এজেন্সি দিয়ে বাংলায় জুলুম-অত্যাচার করছে, সেই বার্তাও দিয়েছেন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যের দু’দফায় বিধানসভা নির্বাচন। এসআইআরের কারণে বহু যোগ্য ভোটার নিজেদের ভোটাধিকার খুইয়েছেন বলে তৃণমূলের তরফে অভিযোগ। বিজেপির অঙ্গুলিহেলনে নির্বাচন কমিশন কাজ করছে বলে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এদিনও সেই বিষয়কে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরও ১০৫ টি সামাজিক প্রকল্প করেছে। আগামী দিনে যাতে সমস্ত মানুষ ভাল থাকে সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য।' এরপরই গেরুয়া শিবিরকে আক্রমণ শানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘দিল্লির জমিদারেরা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম-অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা ভোট দিন।’ পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি নিজে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ৩২ লক্ষ বাদ যাওয়া নামকে তুলতে পেরেছি। বাদ বাকি যারা আছেন, নিশ্চয় আজ নয় কাল তাঁদের নামও কোনওভাবে উঠবে। যেহেতু ট্রাইব্যুনাল চলছে।’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘যাদের নাম বাদ গিয়েছে, যারা আত্মহত্যা করেছেন এসআইআরের জন্য, তাঁদের জন্য আমার মন কাঁদছে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe