CP on Mamata Banerjee: দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর হামলা হয়নি। সাফ এ কথা জানালেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা। তাঁর দাবি, যা হয়েছিল তা নিছক বাগ্বিতণ্ডা! তিনি বলেন, ‘হামলা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। এ সংক্রান্ত কোনও তথ্যও নেই।’
কী বললেন অজয় নন্দা?

পুলিশ কমিশনার জানান, ঘটনার দিন গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর হামলা চালাতে যাননি, বরং তাঁর সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলেন। তিনি বলেন, 'গ্রেফতার হয়েছে। তবে এটা কোনও হামলার ঘটনা নয়। গত এক বছর ধরে তিনি ডিউটিতে অনুপস্থিত ছিলেন। তিনি কাজ করছেন। এর আগে কর্তব্য করেছেন উনি। ওই মহিলা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কোনও একটা কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আর তাতেই মনে করা হয়েছে হামলা হয়েছে। ওই খানকার বাকি কর্মীরা ভেবেছেন হয়ত হামলা করতে পারেন। তাই হামলার ঘটনার কোনও সত্যতা নেই।' তবে হামলাস্থল বলরাম বসু ঘাটে সিভিক ভলান্টিয়ার আগে ডিউটি করেছিলেন বলে জানান অজয় নন্দা।
ঘটনার সূত্রপাত
সোমবার দিল্লির কর্মসূচি সেরে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশেই কালীঘাট মিলন সংঘের পুজোর উদ্বোধনে যান তিনি। তার আগে বাড়ি থেকে বেরোনর সময় বিপত্তি! সেই সময় ভাইঝি পরিচয় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উপস্থিত হয়েছিলেন অভিযুক্ত তরুণী অনুসূয় সাহা। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বেরতেই ‘পিসি’ বলে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন অনুসূয়া। নেত্রীর শাড়ি ধরেও টান মারেন বলেও অভিযোগ। যদিও ততক্ষণে উপস্থিত লোকজন ওই ওই তরুণীকে ধরে মাটিতে ফেলে দেন। ফলে বড়সড় ‘হামলা’ হয়নি তৃণমূল কংগ্রেস নেত্রীর উপরে। ওই তরুণীর থেকে একটি ছুরিও পাওয়া যায় বলেও অভিযোগ। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন। তখনই আটক করা হয় তাঁকে। দোলা সেন অভিযোগ জানান। গ্রেফতার করা হয় তরুণীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উনি একজন মহিলা, এই ধরনের হামলা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।