...
...
Next Story

Debraj Chakraborty: এবার স্কুলের জমি দখল করে ক্রীড়া কেন্দ্র তৈরির অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে

দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি স্কুল তৈরির জন্য নির্ধারিত সরকারি জমি দখল করে সেখানে টেনিস সেন্টার তৈরি করা হয়েছিল। অভিযোগের তির সরাসরি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকেই।

Published on: Jul 6, 2026, 12:07:35 IST
Advertisement

তোলাবাজি, সিন্ডিকেট রাজ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের পর এবার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সামনে এল আরও একটি গুরুতর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি স্কুল তৈরির জন্য নির্ধারিত সরকারি জমি দখল করে সেখানে টেনিস সেন্টার তৈরি করা হয়েছিল। অভিযোগের তির সরাসরি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকেই।

দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি স্কুল তৈরির জন্য নির্ধারিত সরকারি জমি দখল করে সেখানে টেনিস সেন্টার তৈরি করা হয়েছিল। (HT_PRINT)
দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি স্কুল তৈরির জন্য নির্ধারিত সরকারি জমি দখল করে সেখানে টেনিস সেন্টার তৈরি করা হয়েছিল। (HT_PRINT)

স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট জমিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল। কিন্তু সেই জমির উপর নজর পড়ে তৎকালীন প্রভাবশালী কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর। অভিযোগ, তাঁর নির্দেশেই অনুগামীরা জমিটি দখল করে নেয়। পরে সেখানে একটি টেনিস কোর্ট বা টেনিস সেন্টার তৈরি করা হয়। দীর্ঘদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও রাজনৈতিক পালাবদলের পর স্থানীয়দের একাংশ অভিযোগ সামনে আনতে শুরু করেছেন।

বাসিন্দাদের দাবি, দেবরাজ চক্রবর্তীর রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি। তবে বর্তমানে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। স্থানীয়দের একাংশ এই বিষয়টি নিয়ে রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির কাছেও অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের দাবি, স্কুলের জন্য নির্ধারিত জমি দখল হওয়ায় এলাকার পড়ুয়ারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয়েছেন।

এর আগে তোলাবাজি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছিল। তদন্তে নেমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী সংস্থা (এসটিএফ) এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খতিয়ে দেখছেন। তদন্তকারীদের দাবি, পুর এলাকায় দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আইনি সুরক্ষা পাওয়ার জন্য দেবরাজ চক্রবর্তী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও দ্বিতীয়বার তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এরপর গত বুধবার রাজ্য পুলিশের এসটিএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে পুরুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মোট আটটি মামলার তদন্ত চলছে। এই মামলাগুলির তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। আট সদস্যের এই দল দুর্নীতি, আর্থিক লেনদেন, জমি দখল এবং অন্যান্য অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখছে।

তবে স্কুলের জমি দখল করে টেনিস সেন্টার তৈরির অভিযোগের বিষয়ে এখনও দেবরাজ চক্রবর্তী বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, নথি, জমির রেকর্ড এবং স্থানীয়দের বয়ান সংগ্রহ করে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe