ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। তাঁর বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আধিকারিকরা ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়িতে পৌঁছন। বাড়ির গেটে তালা ঝোলানো থাকায় প্রথমে সেই তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তার পর বাড়ির ভিতরে থাকা আসবাবপত্র একে একে বাইরে বের করে আনা হয়। বাড়ি সম্পূর্ণ খালি হওয়ার পরেই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হবে বলে প্রশাসন সূত্রে খবর। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে এই পদক্ষেপ করা হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পরেই প্রশাসন বাড়ি ভাঙার কাজে তৎপর হয়েছে।
কেন ভাঙা হচ্ছে জাহাঙ্গিরের বাড়ি?

জাহাঙ্গিরের বাড়ি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল আগেই। জেলা প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়েছিল, বাড়িটি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি। বিশেষ করে বাড়ির উচ্চতা এবং নির্মাণের অনুমোদন নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, দোতলার বেশি উঁচু বাড়ি তৈরি করতে হলে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন। কিন্তু ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ি তৈরির ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।
অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে জেলা প্রশাসন। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত ওই বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে ফেলার অনুমতি দেয়। তার পরেই প্রশাসনের তরফে জাহাঙ্গিরকে একাধিক বার নোটিস পাঠানো হয়। শুনানির জন্যও তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি বলে প্রশাসন সূত্রে খবর।
বাড়ির বেআইনি অংশ সাত দিনের মধ্যে নিজে থেকে ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি। শেষ পর্যন্ত জেলাশাসকের নির্দেশে বুধবার সকালে বাড়িতে পৌঁছে যায় প্রশাসনের দল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিডিও সন্দীপ সিংহ রায় এবং পুলিশ আধিকারিকেরা।
জেলবন্দি জাহাঙ্গির ও তাঁর স্ত্রী
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে জাহাঙ্গিরকে প্রার্থী করেছিল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। নিজেকে 'পুষ্পা' বলে পরিচয় দিতেন জাহাঙ্গির। দক্ষিণী ছবির জনপ্রিয় চরিত্রের আদলে তাঁর এই পরিচিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও হয়েছিল।
{{/usCountry}}২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে জাহাঙ্গিরকে প্রার্থী করেছিল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। নিজেকে 'পুষ্পা' বলে পরিচয় দিতেন জাহাঙ্গির। দক্ষিণী ছবির জনপ্রিয় চরিত্রের আদলে তাঁর এই পরিচিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও হয়েছিল।
{{/usCountry}}তবে বিধানসভা নির্বাচন ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। ভোটের দিন ফলতায় একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখে সেখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। কিন্তু পুনর্নির্বাচনের মাত্র দু'দিন আগে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। এর পর তাঁর বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার হন তাঁর স্ত্রীও। বর্তমানে দু'জনেই জেলবন্দি রয়েছেন।
শুধু জাহাঙ্গির নয়, অন্য বেআইনি নির্মাণ নিয়েও প্রশ্ন
এদিকে, জাহাঙ্গিরের বাড়ি ভাঙার পদক্ষেপকে স্বাগত জানালেও ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা প্রশাসনের কাছে আরও পদক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে। এমনকি জলাভূমি ভরাট করেও নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। শুধু জাহাঙ্গিরের বাড়ি নয়, এলাকায় যত বেআইনি নির্মাণ রয়েছে, সবগুলির বিরুদ্ধেই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মত তাঁর।
সব মিলিয়ে একদা ফলতার দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গিরের বাড়ি ভাঙার প্রশাসনিক পদক্ষেপ ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আদালতের অনুমতি নিয়ে এই অভিযান চললেও এলাকায় অন্য বেআইনি নির্মাণের বিরুদ্ধেও প্রশাসন একই রকম পদক্ষেপ করে কি না, এখন সেটাই দেখার।