...
...
Next Story

Dilip Ghosh on Mamata Banerjee: 'সবাই ক্ষমতার ফোঁটা নিতে যেত', মমতা ভাইফোঁটা পালন না করায় কটাক্ষ দিলীপ ঘোষের

দিলীপ বলেন, ‘আসলে সবাই পাওয়ার বা ক্ষমতার ফোঁটা নিতে যেত। আজ পাওয়ার নেই। তাই ফোঁটা নেই। অনেক ভাই ছিল। যারা নাকি ৩০-৪০ বছর ধরে ওনার ফোঁটা নিত। সেই ভাইয়েরা আজ ওখানে যায় কিনা দেখা যাক। যারা ওনার কাছে ফোঁটা নিতে আসত , তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসত না।’

Published on: Nov 11, 2026, 12:12:01 IST
Advertisement

ভোটে ক্ষমতার পালাবদলের পর থেকেই একের পর এক উৎসব থেকে নিজেকে সরিয়ে রাখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর পর বিজয়া সম্মিলনী করেননি। কালীপুজোতেও ছিল না আগের মতো জাঁকজমক। এবার ভাইফোঁটার অনুষ্ঠানও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর মমতার এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল বাংলায়। তৃণমূল নেত্রীকে খোঁচা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্য দিকে, সিঙ্গুরে মহিলা সাফাইকর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নিয়ে উৎসব পালন করলেন তিনি। ফলে মমতার ভাইফোঁটা বর্জনের সিদ্ধান্ত এবং দিলীপের উৎসব পালন, দুই বিপরীত ছবি ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মমতা ভাইফোঁটা পালন না করায় কটাক্ষ দিলীপ ঘোষের (PTI)
মমতা ভাইফোঁটা পালন না করায় কটাক্ষ দিলীপ ঘোষের (PTI)

প্রতি বছর ভাইফোঁটার দিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রাজনৈতিক নেতা, মন্ত্রী ও বিশিষ্টদের ভিড় জমত। তাঁর হাত থেকে ফোঁটা নিতে হাজির হতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়ের মতো নেতারা। এমনকী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেও নিয়ম করে ভাইফোঁটার দিন মমতার বাড়িতে যেতেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। কিন্তু এবার সেই চেনা ছবি দেখা যাবে না। মঙ্গলবার তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছেন, এবার ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না মমতা।

কুণালের বক্তব্য, বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম এবং মিথ্যা মামলায় গ্রেফতারির ঘটনা ঘটছে। তার প্রতিবাদেই বিজয়া পালন করেননি মমতা। এবারও একই কারণে ভাইফোঁটার অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কেউ ব্যক্তিগত ভাবে দেখা করতে চাইলে আসতে পারেন বলেও জানিয়েছেন কুণাল।

মমতাকে নিয়ে দিলীপ

অন্য দিকে, বুধবার ভাইফোঁটার দিন সিঙ্গুরে মহিলা পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে ফোঁটা নেন দিলীপ ঘোষ। স্বচ্ছ ভারত অভিযানের অধীনে কর্মরত মহিলা সাফাইকর্মীদের সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভাইফোঁটা উপলক্ষে তাঁদের সঙ্গে সময় কাটান পঞ্চায়েতমন্ত্রী। দিলীপের এই কর্মসূচি ঘিরেও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে মমতা যখন অনুষ্ঠান বন্ধ রাখছেন, তখন দিলীপের এই উৎসব পালনকে রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

মমতার ভাইয়ের বাড়িতে শুভেন্দু, নতুন সমীকরণ?

এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আরও একটি ঘটনা রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে উঠেছে। মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের কালীপুজোয় হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাবুনের ক্লাবের পুজোয় গিয়ে আরতিও করেন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এগিয়ে আসেন বাবুন। শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণামও করেন তিনি। পরে বাবুন বলেন, 'দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।'

শুধু তাই নয়, মমতার সঙ্গে তাঁর সম্পর্কের দূরত্ব নিয়েও মুখ খুলেছেন বাবুন। তাঁর দাবি, দিদি এখন আর তাঁকে ভাইফোঁটায় ডাকেন না। এমনকী এবার ডাকলেও তিনি যাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। বাবুনের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সব মিলিয়ে এবারের ভাইফোঁটা বাংলার রাজনীতিতে শুধু উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকল না। এক দিকে মমতার অনুষ্ঠান বর্জন, অন্য দিকে দিলীপের সাফাইকর্মীদের সঙ্গে উৎসব পালন এবং কালীঘাটে শুভেন্দুর সঙ্গে বাবুনের ঘনিষ্ঠতা—সব মিলিয়ে ভাইফোঁটার দিনেও রাজ্য রাজনীতির উত্তাপ কমল না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks