দুর্গাপুজোর উদ্বোধনকে ঘিরে রাজনৈতিক নেতাদের উপস্থিতি বাংলার পুজো সংস্কৃতির পরিচিত ছবি হয়ে উঠেছে। তৃণমূল সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক মন্ত্রী ও জেলা স্তরের নেতাদের হাত ধরে বিভিন্ন পুজোর উদ্বোধন হতে দেখা গিয়েছে। তবে রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপুজোর আগে সেই দীর্ঘদিনের রীতিতে বদল আনার বার্তা দিল বিজেপি। রাজনৈতিক নেতাদের পরিবর্তে সমাজের বিশিষ্ট এবং গুণী ব্যক্তিদের দিয়ে পুজোর উদ্বোধন করানোর আহ্বান জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর সেই বক্তব্যকে সমর্থন করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, তিনি নিজেও কোনও রাজনৈতিক নেতার পুজোতে যাচ্ছেন না। একই সঙ্গে তিনি পুজোর উদ্বোধনের জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর পক্ষে সওয়াল করেন। তাঁর বক্তব্য, দুর্গাপুজোকে রাজনীতির মঞ্চে পরিণত করার পরিবর্তে সমাজে ইতিবাচক উদাহরণ তৈরি করেছেন এমন মানুষদের সামনে আনা উচিত।
কাদের দিয়ে পুজোর উদ্বোধন করানো যেতে পারে, সেই বিষয়েও নিজের মত জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। তাঁর মতে, পদ্মভূষণ বা পদ্মবিভূষণের মতো রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো যেতে পারে। আগের সরকারও অনেক বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের রাজনৈতিক আনুগত্যের বিষয়টি বিবেচনা না করে, সবকিছু ঠিক থাকলে তাঁদেরও পুজোর উদ্বোধনে ডাকা যেতে পারে।
শুধু পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিই নন, সাধু-সন্তদেরও পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা বলেছেন দিলীপ। পাশাপাশি গ্রামেগঞ্জে বহু সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে সমাজের জন্য ভালো কাজ করে চলেছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই ধরনের মানুষদেরও পুজোর মঞ্চে তুলে আনা দরকার। এতে তাঁরা সমাজের সামনে উদাহরণ হয়ে উঠবেন এবং সাধারণ মানুষের মধ্যেও ভালো কাজ করার উৎসাহ তৈরি হবে।
পুজোর উদ্বোধনের ক্ষেত্রে ক্রীড়াবিদদেরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। ক্রীড়া জগতের সফল ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানালে পুজোর সঙ্গে বৃহত্তর সমাজের যোগ আরও বাড়বে বলে তাঁর বক্তব্য। এমনকি রাজনীতিতে যাঁদের ‘ভালো ইমেজ’ রয়েছে, তাঁদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
{{/usCountry}}পুজোর উদ্বোধনের ক্ষেত্রে ক্রীড়াবিদদেরও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী। ক্রীড়া জগতের সফল ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানালে পুজোর সঙ্গে বৃহত্তর সমাজের যোগ আরও বাড়বে বলে তাঁর বক্তব্য। এমনকি রাজনীতিতে যাঁদের ‘ভালো ইমেজ’ রয়েছে, তাঁদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
{{/usCountry}}প্রসঙ্গত, তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ঘিরে পুজোর উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন নিয়ে বহুবার রাজনৈতিক বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর উদ্বোধন করতেন। তাঁর পাশাপাশি মন্ত্রী এবং দলীয় নেতাদেরও বহু পুজোর সঙ্গে সরাসরি যুক্ত থাকতে দেখা যেত। এবার বিজেপি সরকার সেই ধারার পরিবর্তনের বার্তা দিচ্ছে।
রাজ্যের বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলার দুর্গাপুজোকে আরও বড় পরিসরে তুলে ধরার পাশাপাশি পুজোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার যে বার্তা দেওয়া হচ্ছে, দিলীপ ঘোষের বক্তব্য সেই অবস্থানকেই আরও স্পষ্ট করল। ফলে এবারের পুজোয় উদ্বোধনী মঞ্চে রাজনৈতিক মুখের বদলে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের দেখা যায় কি না, এখন সেদিকেই নজর।