২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার, প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি, প্রজেক্ট এক্সামিনেশন ও প্র্যাকটিকাল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একাধিক গুরুত্বপূর্ণ তারিখ সংক্রান্ত ও সময়সীমা সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে একাদশ শ্রেণি সম্পর্কে।

২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই একাদশ শ্রেণির সব পরীক্ষা স্কুলগুলিকে সম্পন্ন করতে হবে। এমনই নির্দেশ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। তবে মার্চ মাসের কত তারিখে এই পরীক্ষা সম্পন্ন হবে, তা ঠিক করতে হবে সংশ্লিষ্ট স্কুলকে। স্কুল বা সেই শিক্ষা প্রতিষ্ঠানই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, পরীক্ষা পরিচালনার জন্য সংসদ নির্ধারিত নিয়মাবলী কঠোরভাবে পালন করতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নম্বর আপলোডের সময়সীমা ১৬ মার্চ ২০২৬ থেকে ১৩ এপ্রিল ২০২৬র মধ্যে। এই সময়সীমার মধ্যেই সমস্ত নম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা স্কুলকে আপলোড করে দিতে হবে। প্রশ্নপত্র, উত্তরপত্র ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন সংক্রান্ত ব্যবস্থাপনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুলের। স্পষ্টভাবে বলা হয়েছে, বাইরের সংস্থা বা প্রতিষ্ঠান থেকে প্রশ্নপত্র কেনা নিষিদ্ধ।
এদিকে, উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পর্যায়ের সেমেস্টার শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি থেকে। তা শেষ হবে ২২ ফেব্রুয়ারি। বং উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর সময় যাতে পড়ুয়াদের কোনও যান-যন্ত্রণায় ভুগতে না হয়, সে দিকে জেলা প্রশাসনকে নজর রাখার জন্যএ বলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয়, সে দিকেও নজর দিতে হবে স্কুলগুলিকে। পরীক্ষা কেন্দ্রে কেউ অসুস্থ হলে সে যেন দ্রুত চিকিৎসা পায়, সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে।