...
...
Next Story

ED Raids Carewell Aviation: যে সংস্থার চার্টার্ড বিমানে অভিষেক ওড়েন, সেই সংস্থার ডিরেক্টরের বাড়িতে হানা ইডির

আজকের তল্লাশির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ডিরেক্টরের বাড়ি। জানা গিয়েছে, অতীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতার যাতায়াতের জন্য ব্যবহার করতেন কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমান।

Published on: Jul 7, 2026, 12:13:41 IST
Advertisement

ED Raids Carewell Aviation: তৃণমূলের তহবিলে আর্থিক অনিয়মের অভিযোগে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও সংলগ্ন একাধিক এলাকায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত আর্থিক লেনদেন, দলীয় অ্যাকাউন্টের ব্যবহার এবং সেই অর্থের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগকে সামনে রেখেই এই অভিযান চালানো হচ্ছে। সল্টলেক, রাজারহাট এবং রাধাবাজার মিলিয়ে মোট পাঁচটি জায়গায় তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা সকাল থেকেই নথি, ডিজিটাল তথ্য এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেছেন।

অতীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতার যাতায়াতের জন্য ব্যবহার করতেন কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমান। (PTI)
অতীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতার যাতায়াতের জন্য ব্যবহার করতেন কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমান। (PTI)

এদিনের তল্লাশির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ডিরেক্টরের বাড়ি। সল্টলেকের এক আবাসনে সেই ডিরেক্টরের ফ্ল্যাট। জানা গিয়েছে, অতীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষ নেতার যাতায়াতের জন্য ব্যবহার করতেন কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমান। ফলে ওই সংস্থার সঙ্গে দলীয় আর্থিক লেনদেন হয়েছিল কি না, হয়ে থাকলে তার উৎস কী এবং সেই অর্থ কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, সংস্থার দুই ডিরেক্টর পবন জাজু এবং রাজেশ জাজুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন আর্থিক নথি, বিল, চুক্তিপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংস্থার সঙ্গে তৃণমূলের কোনও আর্থিক চুক্তি ছিল কি না, বিমান ভাড়ার অর্থ কীভাবে মেটানো হত এবং সেই অর্থের উৎস কী ছিল, তা নিয়েই মূলত তদন্ত এগোচ্ছে।

ইডির প্রাথমিক লক্ষ্য, তৃণমূলের দলীয় তহবিল থেকে কোনও বেসরকারি সংস্থাকে অর্থ প্রদান করা হয়েছিল কি না এবং সেই অর্থের বিনিময়ে কী ধরনের পরিষেবা নেওয়া হয়েছিল, তার পূর্ণাঙ্গ চিত্র সামনে আনা। বিশেষ করে কেয়ারওয়েল অ্যাভিয়েশনের বিমানের ভাড়া দলীয় তহবিল থেকে দেওয়া হয়েছিল কি না এবং সেই ক্ষেত্রে আর্থিক নিয়ম লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের আর্থিক লেনদেন, দলীয় তহবিলের ব্যবহার এবং বিভিন্ন সংস্থার সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে একের পর এক অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই ইডির এই তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। তদন্তকারীরা ইতিমধ্যেই বিপুল পরিমাণ নথি সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। সেগুলি খতিয়ে দেখেই পরবর্তী পর্যায়ে আরও জিজ্ঞাসাবাদ বা নতুন পদক্ষেপ করা হতে পারে বলে ইডি সূত্রের দাবি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe