West Bengal Police: ভোটে হেরে তৃণমূল কংগ্রেসের (TMC) ভাঙনপর্ব চলার মাঝেই, একযোগে ২০ সাংসদ ঘাসফুল শিবির ছেড়ে যুক্ত হয়ে যান ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI) নামের একটি দলের সঙ্গে। তাঁদের মধ্যে অন্যতম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। এবার তাঁর নিরাপত্তায় অতিরিক্ত রাজ্য পুলিশের স্কট। আবু তাহের খানের নিরাপত্তায় আগে শুধুমাত্র দু'জন কনস্টেবল থাকতেন। এখন তাঁর সঙ্গে থাকছে পুলিশের স্কট। তবে হঠাৎ কেন সাংসদের নিরাপত্তা বাড়ানো হল তা নিয়ে শুরু হয়েছে চর্চা। রয়েছে হামলার আশঙ্কা!

এনসিপিআই সাংসদ আবু তাহের খান অবশ্য দাবি করেছেন, 'তৃণমূল সরকারের সময় থেকে আমি পুলিশে জানিয়ে বেরোলে যে থানা এলাকা দিয়ে যায়, সেই থানা এলাকা স্কট করে নিয়ে যায়। সেই বিষয়টি আছে এখন নিন্দুকেরা অনেক কিছু বলবে।' পুলিশ স্কট ক্ষেত্রে এএসআই বা এসআই পদমর্যাদার অফিসার থাকেন ও তাঁদের সঙ্গে দু'জন কনস্টেবল থাকেন। সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা অবশ্য বলেন, 'নুন খেলে তো গুন গাইতেই হবে। লোকসভার বিলে ভোট নেবে বিজেপি তাই এখানে অতিরিক্ত নিরাপত্তা দিয়েছে। আরও অনেক কিছু দেবে বিজেপি সরকার। এদের উপরে এনসিপিআই ভিতরে বিজেপি।' এ বিষয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পুলিশের। তবে একটি সূত্রের দাবি, নির্দিষ্ট বেশ কিছু তথ্যের ভিত্তিতেই সাংসদ আবু তাহের খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশ প্রশাসন।
এদিকে, এনসিপিআই-এর অস্বস্তি বাড়িয়েই চলেছেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের তিন সাংসদ। সম্প্রতি মুর্শিদাবাদের এনসিপিআই সাংসদ (বিদ্রোহী তৃণমূল) আবু তাহের স্পষ্ট জানিয়েছেন, ‘আমরা বিজেপিতেও যাব না, এনডিএ-তেও যাব না।’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে লোকসভার স্পিকার তাঁদের কাছে উত্তর চেয়েছিলেন। কিন্তু অবস্থান জানাতে আরও আরও ৩ সপ্তাহ সময় চেয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদাররা। এই আবহেই এনসিপিআই-এর শীর্ষ নেৃতৃত্বের অস্বস্তি আরও বাড়াচ্ছেন সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের ৩ সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। আবু তাহেরকে বলতে শোনা গেছে, ‘আমরা একটা কথা পরিষ্কার বলি, যে আমরা এখন এমন একটা অবস্থান আমাদের বর্তমানে, যে এনসিপিআই যদি কাল এনডিএ-এর সঙ্গে যোগ দিতে চাইছে, বা যোগ দেবে কিছু লোক ভাবছে, আমরা সেই সব দিকে নেই। আমরা বিজেপিতেও যাব না, এনডিএ-তেও যাব না।‘ এর মাঝে তাঁদের কাছে যে কালীঘাট তৃণমূলের তরফেও বার্তা আসছে, সে কথা স্বীকার করে আবুর তাহের যোগ করেন, ‘নিশ্চয়ই বিভিন্ন দিক থেকে আমাদের কাছে অনেক বার্তাই আসছে।’