...
...
Next Story

WB Assembly Delimitation: ডিলিমিটেশনে পর উত্তরপ্রদেশে হতে পারে ৬০৫ জন বিধায়ক, বাংলাতে কত?

প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে ২০২৯ সালের পর সেই সংখ্যা বেড়ে হতে পারে ৬০৫। অর্থাৎ, দেশের একমাত্র রাজ্য হিসাবে বিধানসভায় ৬০০-র বেশি বিধায়ক থাকবে উত্তরপ্রদেশে। শুধু বিধানসভা নয়, লোকসভাতেও উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।

Published on: Nov 28, 2026, 11:54:58 IST
Advertisement

দেশের নির্বাচনী মানচিত্র বদলের প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সংসদে পেশের জন্য তৈরি সংবিধানের ১৩২তম সংশোধনী বিল কার্যকর হলে দেশের অধিকাংশ রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে সব রাজ্যকে ছাপিয়ে যাবে উত্তরপ্রদেশ। বর্তমানে সে রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ৪০৩। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে ২০২৯ সালের পর সেই সংখ্যা বেড়ে হতে পারে ৬০৫। অর্থাৎ, দেশের একমাত্র রাজ্য হিসাবে বিধানসভায় ৬০০-র বেশি বিধায়ক থাকবে উত্তরপ্রদেশে। শুধু বিধানসভা নয়, লোকসভাতেও উত্তরপ্রদেশের প্রতিনিধিত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিধানসভা
বিধানসভা

শুক্রবার সংসদ সদস্যদের মধ্যে বিলের খসড়া বিলি করা হয়েছে। সেখানে দেশের নির্বাচনী ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের কথা বলা হয়েছে। সংবিধানের ১৭০ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে রাজ্য বিধানসভার সর্বোচ্চ আসন সংখ্যার সীমা ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৩৩৪ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে বিভিন্ন নির্বাচিত আইনসভায় সদস্য সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পথ তৈরি করা হয়েছে।

বর্তমানে উত্তরপ্রদেশের বিধানসভায় ৪০৩টি আসন রয়েছে। প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে ৬০৫ হতে পারে। ফলে বিধায়কের সংখ্যার নিরিখে দেশের বাকি সব রাজ্যকে পিছনে ফেলে দেবে যোগী আদিত্যনাথের রাজ্য। লোকসভাতেও উত্তরপ্রদেশের সাংসদ সংখ্যা বাড়তে পারে। বর্তমানে রাজ্যটির লোকসভা আসন ৮০। परिसীমনের পর তা বেড়ে ১২০ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাড়বে বাংলার বিধায়ক সংখ্যাও

শুধু উত্তরপ্রদেশ নয়, এই প্রস্তাব কার্যকর হলে পশ্চিমবঙ্গের বিধানসভাতেও বড় পরিবর্তন আসবে। বর্তমানে বাংলার বিধানসভায় ২৯৪টি আসন রয়েছে। ৫০ শতাংশ বৃদ্ধি হলে তা বেড়ে দাঁড়াবে ৪৪১। অর্থাৎ, রাজ্যে বিধায়কের সংখ্যা এক ধাক্কায় ১৪৭ বাড়তে পারে।

বিধায়কের সংখ্যা বাড়লে নতুন সমস্যা দেখা দিতে পারে বিধানসভা ভবনগুলিতে। বর্তমানে অধিকাংশ রাজ্যের বিধানসভা কক্ষের আসন সংখ্যা নির্দিষ্ট। সেখানে অতিরিক্ত বিধায়কদের বসানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে নতুন ভবন নির্মাণ কিংবা পুরনো ভবনের সম্প্রসারণের প্রয়োজন হতে পারে।

সংসদের দুই প্রবীণ আধিকারিক জানিয়েছেন, অধিকাংশ রাজ্যকেই বিধানসভার ভবন নতুন করে তৈরি করতে হতে পারে। উত্তরপ্রদেশের বিধানসভা ভবন উদ্বোধন হয়েছিল ১৯২৮ সালে। অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন তৈরি হয়েছিল ১৯৩১ সালে। অতিরিক্ত বিধায়কদের জায়গা দিতে এই দুই রাজ্যকেও পরিকাঠামো বদলাতে হতে পারে।

রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা

পরিসীমনের ফলে শুধু বিধায়ক বা সাংসদের সংখ্যা বাড়বে না, বদলাতে পারে নির্বাচনী কেন্দ্রগুলির সীমানাও। এর প্রভাব পড়বে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কৌশলে। কোন এলাকায় কতগুলি কেন্দ্র তৈরি হবে, কোন কেন্দ্রে কত ভোটার থাকবেন এবং নতুন কেন্দ্রগুলিতে কোন দলের প্রভাব কতটা থাকবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা ও লোকসভা আসন বাড়লে জাতীয় রাজনীতিতেও তার প্রভাব পড়তে পারে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের মতো বড় রাজ্যেও জনপ্রতিনিধির সংখ্যা বাড়বে। ফলে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাব ঘিরে সংসদে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক আরও জোরাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks