সোমবার রাতভর বৃষ্টিতে ভিজেছে সমগ্র বাংলা। সেইসঙ্গে মরসুমের প্রথম কালবৈশাখী পেয়েছে কলকাতা। ঝড়-বৃষ্টি রীতিমতো তাণ্ডব চালিয়েছে রাজ্যজুড়ে। অবশ্য কোথাও বেশি তো আবার কোথাও কম। যাইহোক, কিন্তু আজ, মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সেইসঙ্গে একটা ভ্যাপসা গরম। কে বলবে গতকাল এত দুর্যোগ হয়েছে। সকলেই বলছেন, একটু ঝড় বৃষ্টি হলে মন্দ হয় না। হবে কী? উত্তর হল হ্যাঁ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন বিকেল বা সন্ধের দিকে ফের বৃষ্টি নামতে পারে জেলায় জেলায়। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মঙ্গলবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারই বৃষ্টির জেরে শহরে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় মঙ্গলবার ৫.২ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। এদিন সকালেও ফুরফুরে ব্যাপার ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে। ১৭ মার্চ বিকেলের পর জেলায় জেলায় বৃষ্টির জন্য আবহাওয়া অফিস বিশেষ সতর্কতা জারি করেছে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। সেইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে এই বৃষ্টিপাত হলে পরেও আবহাওয়ার এর মধ্যে খুব একটা তারতম্য ঘটবে না বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে সব জেলায় আজ থেকে আগামী ২৩ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং জেলায় বেশি বৃষ্টি, ঝড় হতে পারে বিকেলের পর খবর। মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।