...
...
Next Story

West Bengal Day: পয়লা বৈশাখ নয়! এবার থেকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে ২০ জুন, বড় ঘোষণা নবান্নের

West Bengal Day: বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁর কথায়, এখন থেকে প্রতি বছর ২০ জুনই রাজ্যজুড়ে এই বিশেষ দিনটি উদযাপিত হবে।

Published on: Jun 03, 2026 07:55 PM IST
Advertisement

West Bengal Day: রাজ্যের ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক ও নীতিগত স্তরে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এবার সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছল পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের ক্ষেত্রেও। বুধবার সরকারিভাবে নবান্ন থেকে জানানো হয়েছে, এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখের দিন পালিত হত। সেই নিয়ে বঙ্গ বিজেপির জোর আপত্তিও ছিল। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূল সরকারের আমলের একাধিক নির্দেশ-নিয়ম বদল হচ্ছে। এবার পশ্চিমবঙ্গ দিবসের দিনও বদল হল। শুধু তাই নয়, কলকাতায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও বসবে। ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই মূর্তির জন্য ভূমিপুজো হবে। নবান্নে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই ঘোষণা করেছেন।

পশ্চিমবঙ্গ দিবস নিয়ে ঘোষণা সরকারের

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন (PTI)
২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস পালন (PTI)

বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁর কথায়, এখন থেকে প্রতি বছর ২০ জুনই রাজ্যজুড়ে এই বিশেষ দিনটি উদযাপিত হবে। এই সিদ্ধান্তের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ দিবসের নির্দিষ্ট তারিখ নিয়ে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক শিবিরের মধ্যে মতবিরোধ ছিল। তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে বাংলা নববর্ষের সূচনাদিন, অর্থাৎ ১৪ এপ্রিলকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি স্তরে ওই দিন নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অন্যদিকে, বিজেপি বরাবরই দাবি করে এসেছে যে ২০ জুনের সঙ্গে পশ্চিমবঙ্গের গঠন-ইতিহাসের বিশেষ সম্পর্ক রয়েছে। সেই কারণে তারা পৃথকভাবে ওই তারিখেই পশ্চিমবঙ্গ দিবস পালন করে এসেছে। শাসকদল ও বিরোধী শিবিরের এই ভিন্ন অবস্থান বহুবার রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল।‌

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও কলকাতায় এবার বসবে। এদিন নবান্ন থেকে সেই কথাও বলা হল। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই ভূমিপুজো হবে বলে জানানো হয়েছে। কলকাতার কোনও একটি অংশে জমি নির্বাচন করে সেই মূর্তি স্থাপিত হবে। রাজ্যের নতুন সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবসের সরকারি তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত শুধু একটি আনুষ্ঠানিক বদল নয়, বরং রাজ্যের ইতিহাস ও পরিচয়কে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্যেরও নতুন দিশা তুলে ধরল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe